আন্তর্জাতিক

তামিলনাডুতে জয়ললিতার মতো হতে পারবেন বিজয়?

ভারতের তামিলনাডুতে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সি জোসেফ বিজয়। তার অংশগ্রহণে বহুদিনের দ্বিমুখী লড়াই এবার রূপ নিয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায়।

Advertisement

দক্ষিণাঞ্চলের শহর তিরুনেলভেলিতে এক নির্বাচনি সমাবেশে বিজয় দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বীরা একজোট হয়ে তাকে ক্ষমতায় আসা থেকে ঠেকাতে চাইছে। বিপুল জনসমাগমে তার বক্তব্যে সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়।

রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে-এর নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। অন্যদিকে বিরোধী শিবিরে রয়েছে এআইএডিএমকে।

বিজয়ের দল টিভিকে এই দুই জোটের বাইরে নতুন বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। তামিলনাডুতে চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে সাফল্যের ইতিহাস রয়েছে। এম জি রামচন্দ্রারান ও জয় ললিতার মতো নেতারা দীর্ঘদিন রাজ্য শাসন করেছেন এবং এখনও জনমনে প্রভাবশালী।

Advertisement

বিশ্লেষকদের মতে, বিজয়ের জনপ্রিয়তা বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি সংখ্যালঘু ও দলিত ভোটের একটি অংশও তার দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সমাবেশে জনসমাগম মানেই ভোট নয়। শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও স্পষ্ট রাজনৈতিক আদর্শের অভাব বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের উপস্থিতি দুই প্রধান জোটের জন্যই দ্বিমুখী প্রভাব ফেলতে পারে। তিনি যেমন ক্ষমতাসীন দলের ভোট কমাতে পারেন, তেমনি বিরোধী ভোটও বিভক্ত করতে পারেন।

সব মিলিয়ে বিজয় রাজনৈতিক যাত্রা তামিলনাডুর নির্বাচনে নতুন উত্তেজনা তৈরি করলেও, তাকে ঘিরে সাফল্যের পথ এখনও অনিশ্চিত। জনপ্রিয়তা থাকলেও বাস্তব রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে হলে তাকে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

Advertisement

সূত্র: আল-জাজিরা

এমএসএম