ঢাকার কলাবাগান থানাধীন গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবি (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রুপসা ইন্টারন্যাশনালের একটি কক্ষের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া নবি গত ১৯ এপ্রিল রাতে ওই হোটেলের ৪১৮ নম্বর কক্ষে ওঠেন। তিনি নিজেকে একজন ছাত্রী পরিচয় দিয়ে আইইএলটিএস পরীক্ষার জন্য ঢাকায় এসেছেন বলে জানান। তবে হোটেলে ওঠার পর থেকে তিনি খুব একটা বাইরে যেতেন না এবং কক্ষের দরজা-জানালা বন্ধ রেখেই অবস্থান করতেন। এছাড়া হোটেল ভাড়াও নিয়মিত পরিশোধ করেননি বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজায় বারবার নক করেন। কোনো সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় কক্ষের ওয়াশরুমে প্যানের ওপর তানিয়া নবিকে মৃত অবস্থায় দেখতে পান।
Advertisement
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
টিটি/এএমএ
Advertisement