খেলাধুলা

অবশেষে ওয়ানডেতে ধারাবাহিকতা, বিশ্বকাপে খেলতে কী করতে হবে?

টেস্টে ভালো না, টি-টোয়েন্টি এখনো বুঝতে উঠতে পারেনি তবে ওয়ানডেতে দুর্দান্ত দল, যে কাউকে হারিয়ে দিতে পারে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে কয়েক বছর আগেও এটাই ছিল পর্যবেক্ষণের সারাংশ। তবে সেই ওয়ানডেতেই পথ হারিয়ে বসেছিল টাইগাররা। টেস্ট-টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতেই পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নিচে নামছিল। সেখান থেকে টানা তিন সিরিজ জিতলো বাংলাদেশ। হয়তো আগেভাগেই বলা হচ্ছে, তবু বলা যায় ওয়ানডেতে ধারাবাহিকতা কি অবশেষে ফিরলো!

Advertisement

২০২৪ সালের শেষে আচমকা ওয়ানডেতে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। নাজমুল হোসেন শান্তকে যে প্রক্রিয়ায় সরানো হয়, সেটা নিয়ে সমালোচনার মুখে পড়েন তখনকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মিরাজের শুরুটাও হয় দুঃস্বপ্নের মতো, ভারপ্রাপ্ত-পাকাপাকি মিলিয়ে হারেন টানা ৪ সিরিজ। আগামী বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়েই তখন শঙ্কা দেখা দেয়।

এরপর গত বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে খরা কাটায় বাংলাদেশ। আর গত মাস, এ মাস মিলিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ জিতলো টাইগাররা। পঞ্চম বাংলাদেশ অধিনায়ক হিসেবে মিরাজ সিরিজ জয়ের হ্যাটট্রিক করেন। এর আগে বাংলাদেশ টানা দুইয়ের বেশি সিরিজ জিতেছে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে, যখন অধিনায়ক ছিলেন বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেবার টানা ৪টি সিরিজ জিতেছিল টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য সিরিজের প্রথম ম্যাচই হেরে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে টানা দুই ম্যাচ জেতাকেই বড় হিসেবে দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

Advertisement

বৃহস্পতিবার ম্যাচ শেষে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে আলাকালে তিনি বলছিলেন, ‘প্রথম লক্ষ্যটা আমরা সফলভাবে শেষ করতে পেরেছি, যদিও প্রথম ম্যাচে একটা হোঁচট ছিল। কিন্তু আমার মনে হয় ছেলেরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। সিরিজের প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পরে সব সময় একটু চাপ কাজ করে। আমরা চাপের মধ্যেই ছিলাম। নিউজিল্যান্ড দল কিন্তু আমাদের ভালোই পরীক্ষা নিয়েছে। তবে আমার মনে হয় কঠিন পরিস্থিতিতে ফিরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। দল সেটা করে দেখিয়েছে।’

অনেক দিন ধরেই মিডল অর্ডার ভোগাচ্ছিল বাংলাদেশ দলকে। জাকের আলী, নুরুল হাসান সোহানদের দিয়ে চেষ্টা করলেও কাজে আসেনি। শেষমেষ লিটন কুমার দাসকে ওপেনিং থেকে মিডলে নামানো হয়, ফেরানো হয় আফিফকেও। আফিফ না পারলেও লিটন পেরেছেন, সিরিজ নির্ধারণী ম্যাচে খেলেছেন ৭৬ রানের ইনিংস। মিডল অর্ডারে টানা দুই ম্যাচে রান পেয়েছেন (এক ফিফটি এক সেঞ্চুরি) নাজমুল হোসেন শান্তও। পুরো সিরিজে দলগত খেলাতেই বেশি সন্তষ্ট হাবিবুল, তবে ব্যাটিং নিয়ে চিন্তা পুরোপুরি কাটেনি। শেষ ম্যাচেও শেষ ১০ ওভারে মাত্র ৬১ রান তুলতে পেরেছে টাইগাররা।

হাবিবুল বাশার বলেন, ‘সিরিজটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। অবশ্যই সিরিজ জেতাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আশা করি আমরা এই জয়ের ধারাটা ধরে রাখতে পারব। কারণ ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। তবে এই সিরিজে যেমন অনেক ইতিবাচক দিক আছে, তেমনি কিছু নেতিবাচক দিকও আছে।’

‘এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল—নাহিদ অসাধারণ করেছে। শরিফুল খুব ভালো বোলিং করেছে। মোস্তাফিজ প্রথম দুই ম্যাচ খেলতে পারেনি, আজকের ম্যাচে ফিরে এসে ভালো বোলিং করেছে। তাসকিনও আমার মনে হয় ভালো কাজ করেছে। ব্যাটিংয়ে লিটন, শান্ত ফর্মে ফিরেছে। লিটন ভালো ব্যাটিং করেছে। তাওহীদ হৃদয় যদি একটু পরে ব্যাটিং করে খুব একটা সুযোগ না পায়, তবুও যখন সুযোগ পাচ্ছে কাজে লাগাচ্ছে। তানজিদ তামিম একটা ভালো ইনিংস খেলেছে। সাইফ হাসানও একটা ভালো ইনিংস খেলেছে।’

Advertisement

তবে ব্যাটিং নিয়ে কিছু জায়গায় চিন্তা প্রধান নির্বাচকেরও থেকে গেছে, ‘আজকেও আমরা একটা ভালো জায়গায় ছিলাম, কিন্তু আমাদের ২৮০ রানের বেশি করা উচিত ছিল। সেখানে আমরা মিস করেছি। এগুলোই আসলে আমাদের দেখার বিষয়, যেগুলো পরবর্তী সিরিজে ঠিক করতে হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচে সিরিজ ৩-০ ব্যবধানে জিতলে ৬ পয়েন্ট পেতো। ২-১ ব্যবধানে জেতায় ৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৮৩। র‌্যাংকিং নয় নম্বরে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাংকিংয়ের সেরা আট দলের মধ্যে থাকতে হবে। বাকি দলগুলোকে খেলতে হবে বাছাইপর্ব। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র‌্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে। ফলে বর্তমানে ৯ নম্বরে থাকা বাংলাদেশের সামনে এখন ওয়ানডেতে ধারাবাহিক হওয়ার কোনো বিকল্প নেই।

এসকেডি/এমএমআর