অর্থনীতি

রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চাকরিতে অগ্রাধিকার দেবে বিজিএমইএ

রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তাদের পরিবারের সদস্যের যদি কর্মসংস্থানের সংকটে থাকে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

Advertisement

সাভারের রানা প্লাজা ধসের ১৩তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৪ এপ্রিল) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ ঘোষণা দেন।

মাহমুদ হাসানের নেতৃত্বে আজ সংগঠনের পরিচালনা পর্ষদ রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম ও মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা ও মোহাম্মদ সোহেলসহ সাধারণ সদস্য এবং সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘রানা প্লাজা ধসের দিনটি আমাদের শিল্পের ইতিহাসে একটি অত্যন্ত শোকাবহ দিন। আইএলওসহ (আন্তর্জাতিক শ্রম সংস্থা) সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতায় আমরা শুরু থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকেছি এবং এখনো আমাদের সাধ্যমতো তাদের সহায়তা করে যাচ্ছি।’ 

Advertisement

তিনি ঘোষণা দেন, রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তাদের পরিবারের সদস্য যদি কর্মসংস্থানের সংকটে থাকেন, তবে বিজিএমইএ অগ্রাধিকার ভিত্তিতে তাদের চাকরির ব্যবস্থা করবে। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়ে বলেন, রানা প্লাজা ধসের মতো একটি মানবিক ট্র্যাজেডিকে কেউ যেন সংকীর্ণ বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার না করেন। 

শিল্পের নিরাপত্তা প্রসঙ্গে মাহমুদ হাসান বলেন, ‘ওই মর্মান্তিক দুর্ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগিয়ে বিগত বছরগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে আমূল ও বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আজ আমাদের শিল্প বিশ্বের কাছে নিরাপদ কর্মপরিবেশের রোল মডেল হিসেবে স্বীকৃত। আমরা শ্রমিক ভাইবোনদের কর্মস্থলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

আইএইচও/একিউএফ

Advertisement