দেশজুড়ে

বাগমারায় চুরি হওয়া শিশু ঢাকা থেকে উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীর বাগমারা থেকে চুরি হওয়া সাত মাসের শিশু জুবাইদা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে সাভারের আশুলিয়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী শিউলি বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুটি ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের জাহিদ হাসানের একমাত্র মেয়ে। গ্রেফতার শিউলি বেগম একই গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী। গত বুধবার শিউলি বেগম প্রতিবেশীর সাত মাসের এক শিশুকে নিয়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, ওই ঘটনায় শিশুটির বাবা জাহিদ হাসান বাদী হয়ে শিউলি বেগমের নামে মামলা করেন। এরপর থেকে প্রযুক্তির সহায়তায় শিউলি বেগমকে খোঁজার চেষ্টা চলে। থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন আশুলিয়ায় যান। সঙ্গে শিশুর বাবাসহ স্বজনরা ছিলেন। শিউলি বেগম গ্রেফতার এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করেন। একপর্যায়ে আশুলিয়ার একটি বাড়ি থেকে শিশু জুবাইদাকে উদ্ধার ও শিউলি বেগমকে গ্রেফতার করা হয়।

Advertisement

বাগমারার উপ-পরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন বলেন, ‘শিশুটিকে উদ্ধার ও শিউলি বেগমকে ধরতে বেশ বেগ পোহাতে হয়েছে। উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনির হোসেন মাহিন/এএইচ/এএসএম