দেশজুড়ে

গত ছয় বছর হামের ক্যাম্পেইন করা হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে গত ৬ বছরে হামের ক্যাম্পেইন করেনি সরকার। বিগত দুই সরকারের ব্যর্থতায় টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

Advertisement

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে আর হামের টিকা দিতে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতা ও লুটপাটের কারণে সংকটে আছে স্বাস্থ্য খাত। এছাড়া অতীতের তুলনায় এবার হামের সংক্রমণে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ার পেছনে আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার দায়ী বলে মন্তব্য করেন তিনি।

আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রী দায়িত্বে অবহেলা, গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন ও দুর্নীতির দায়ে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

Advertisement

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী মুন্সীগঞ্জের স্বাস্থসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়েন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভ ঘোষ/এএইচ/এএসএম