এবার ক্যামেরা হাতে গঙ্গা নদীতে নৌবিহারে দেখা গেলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গঙ্গা ভ্রমণের সময় নিজে হাতের ক্যামেরা নিয়ে ছবি তুলতেও দেখা গেলো তাকে। নিজের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেন মোদী।
Advertisement
পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন শেষ হলেও এখনো দ্বিতীয় দফার নির্বাচন বাকি। বুধবার (২৯ এপ্রিল) দ্বিতীয় দফায় নির্বাচন।
দ্বিতীয় দফার নির্বাচনের আগে পশ্চিমবঙ্গজুড়ে বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন মোদী। প্রচারের ফাঁকে এর আগে তাকে দেখা গিয়েছিল ঝালমুড়ি খেতে। তবে এবার দেখা গেলো অন্য মেজাজে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কলকাতার গঙ্গা ঘাটে যান তিনি। সেখানে একটি নৌকায় বেশ কিছুক্ষণ নদীতে ভ্রমণ করেন। সেসময় প্রধানমন্ত্রী হাতে থাকা ক্যামেরায় ফ্রেমবন্দি করেন দ্বিতীয় হুগলি সেতু ও নদীর দর্শনীয় মুহূর্তগুলো।
Advertisement
এই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মোদী লিখেছেন, আজ সকালে কলকাতায় মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। হুগলি নদীর তীরে সময় কাটালাম। এছাড়া যারা সকালে হাঁটতে বের হন তাদের ও মাঝিদের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। ওই মাঝিদের পরিশ্রম প্রশংসনীয়।
যে নৌকায় করে গঙ্গা নদীর বুকে ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী, সেই নৌকার মাঝিকে ৫০০ রুপি দেন তিনি। মাঝি গৌরাঙ্গ বিশ্বাস বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আমার নৌকায় উঠলেন। উঠে আমার নাম জিজ্ঞেস করলেন। আমি ভাবতেও পারিনি যে তিনি আমার নৌকায় উঠবেন।
‘নৌকায় ওঠার পর গঙ্গা নদীতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলেন। ক্যামেরা দিয়ে নিজেই ছবি তুলেছিলেন। আমি গঙ্গার মাঝখানে নিয়ে গিয়েছিলাম। আমার খুব ভালো লাগছে, আমি ভীষণ খুশি।’
মাঝি গৌরাঙ্গ বিশ্বাস আরও বলেন, আমরা সঙ্গে প্রধানমন্ত্রী হিন্দিতে কথা বলছিলেন। এর আগেও অনেকবার বাংলা সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নৌকায় করে ঘুরিয়েছি। কিন্তু এবারের আনন্দটা একটু আলাদা। আমি ভাবতেই পারিনি প্রধানমন্ত্রী আমার নৌকায় উঠবেন, আর আমি তাকে ঘোরাবো। স্বপ্নের মতো লাগছে।
Advertisement
এসএএইচ/ডিডি