দেশজুড়ে

মহিলা দল নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

আটক ঈশিতা আক্তার তিশা (১৮) বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার জীবন শেখের মেয়ে।

পুলিশ ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলেন বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। নিপা খাতুন শহরের চকসূত্রাপুর এলাকার জাইদুল ইসলামের স্ত্রী। তবে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নেন প্রতিবেশী কলেজছাত্রী ঈশিতা।

Advertisement

পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে সই করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থী নিজের পরিচয় ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশে দেয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, আটক শিক্ষার্থী পুলিশ হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, নিপা খাতুন তার খালা। সম্পর্কের সূত্র ধরেই তিনি তার হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ওসি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর থেকে পরীক্ষার্থী নিপা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Advertisement

এএইচ/এএসএম