জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। তবে রাজধানীতে চলাচল করা গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ে চালক ও সহকারীদের কড়াকড়ি দেখা যায়নি। দূরত্ব বেশি এমন রুটে ভাড়া ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়লেও স্বল্প দূরত্বের রুটের ভাড়ায় তেমন পরিবর্তন আসেনি।
Advertisement
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন রুট ঘুরে দেখা যায়, অনেক বাসে এখনো নতুন ভাড়ার চার্ট টানানো হয়নি। তবে এসব বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও কম। যাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই আগের ভাড়াতেই চলাচল করছেন।
বাসের চালক ও সহকারীরা জানান, প্রতি কিলোমিটারে ১১ পয়সা হিসেবে ভাড়া বাড়ানোর কারণে স্বল্প দূরত্বে ভাড়ার পার্থক্য খুব কম পড়ছে। ফলে অনেক ক্ষেত্রে আগের ভাড়াই তোলা হচ্ছে যাত্রীদের থেকে। তবে দীর্ঘ রুটে এই হিসাব যোগ হয়ে ভাড়া ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়ছে।
গাজীপুর থেকে গুলিস্তান রুটে চলাচলকারী গাজীপুর পরিবহনের একটি বাসের চালকের সহকারী রাশেদ আলম জাগো নিউজকে বলেন, উত্তরা থেকে গুলিস্থান ৫০ টাকা ভাড়া। গতকালের প্রস্তাবিত ভাড়া অনুযায়ী ৫৫ টাকা হওয়ার কথা। তবে যাত্রীরা এখনো বাড়তি ভাড়া দিতে অনাগ্রহী। আমরা ৫০ টাকাই নিচ্ছি।
Advertisement
এই বাসের চালক সুলতান বলেন, ভাড়া বাড়ছে ঠিকই, কিন্তু সবাই বাড়তি টাকা দিতে চায় না। কেউ দিলে নেই, না দিলে আগেরটাই রাখি। স্বল্প দূরত্ব যেমন, ১০টা কিংবা ২০ টাকার ভাড়া আগের মতোই আছে। কিলোমিটার আর পয়সা হিসাব করলে ওই ১/২ টাকা বাড়তি কেউ হিসেবে ধরে না।
রাজধানীর সড়কে চলাচলকারী একটি বাস/ছবি: জাগো নিউজ
মহাখালী থেকে সদরঘাট যাচ্ছেন আকিদুল ইসলাম। তিনি বলেন, তেলের দাম বাড়লে ভাড়া বাড়বে—এটা স্বাভাবিক ধরে নিলাম। কিন্তু তেলের দাম কমার পর যেন ভাড়াও কমে যায়।
লাব্বাইক পরিবহনের চালকের সহকারী শাহরিয়ার বলেন, শুক্রবার যাত্রী কম। এর মধ্যে কি বাড়তি ভাড়া চামু? ফার্মগেট থেকে মালিবাগ আসে ১০ টাকা। এখন যদি ২ টাকা ৫ টাকা বেশি চাই যাত্রীরা দেয় না। তবে এখান থেকে সাভারের যাত্রীদের ভাড়া ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
Advertisement
এদিকে, এর আগে শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। জানানো হয়, এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
ক্ষেত্রে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে।
পরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাসের ভাড়া সমন্বয় করা হয়। সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ২ টাকা ৪২ থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আন্তজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সা ভাড়া ছিল। অর্থাৎ ঢাকা ও ঢাকার আশপাশের এলাকার এই ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া আগের ১০ টাকাই বহাল রয়েছে।
আরএএস/এমএমকে