সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প হবে থাইল্যান্ডে। আগামী ২৫মে ভারতের গোয়ায় শুরু হবে দক্ষিণ এশিয়ার নারীদের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশের মেয়েদের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। নেপালে হওয়া সর্বশেষ দুই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে এখন নিজেদের নতুন ইতিহাস গড়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে।
Advertisement
বাংলাদেশ ফুটবল ফেডারেশন হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চাইছে না। তাই তো মেয়েদের দুই সপ্তাহ থাইল্যান্ডে ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলিয়ে গোয়ায় পাঠানোর পরিকল্পনা করছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। আজ (শনিবার) বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমে ব্রিফ করে জাতীয় নারী ফুটবল দলের প্রস্তুতির পরিকল্পনার কথা জানিয়েছেন।
কিরণ বলেছেন, ‘সাফ সামনে রেখে নারী দল ২৩ এপ্রিল চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ট্রেনিংয়ের জন্য গেছে। আশা করছি আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সেখানে তারা থাকবে। তারপর ঢাকায় হয়তো দুই থেকে তিন দিন অবস্থান করবে। এরপর চলে যাবে থাইল্যান্ড। দল শুধু ঢাকায় প্রস্তুতি নেবে না। আমরা দেশের বাইরেও ওদের কিছু দিন ট্রেনিংয়ের সুযোগ দেব। সেজন্য ১৫ দিনের একটি ট্রেনিং ক্যাম্প থাইল্যান্ডে হবে। সেখানে আমাদের মেয়েরা থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের একটি ক্লাব এবং সেকেন্ড টায়ার লিগের একটি ক্লাবের সাথে দুটি ক্লোজডডোর প্র্যাকটিস ম্যাচ খেলবে। সেখান থেকে টিম সরাসরি গোয়াতে চলে যাবে।’
মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘বাংলাদেশ এই টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন। এবার আমাদের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। সে সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। দলকে যে লেভেল থেকে তৈরি করা দরকার আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি।’
Advertisement
দল গঠণ নিয়ে কিরণ বলেছেন, ‘পিটার বাটলার দল নির্বাচন করবেন। কারণ টেকনিক্যাল বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। আমরা সেই পর্যায়ে তৈরি করবো যাতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পারি। আশা করি, মেয়েরা সব দিক থেকে প্রস্তুত থাকবে। কোচ তাদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল এবং ডিসিপ্লিন- সবকিছু নিয়ে কাজ করছেন। দেশে ও দেশের বাইরে ট্রেনিং করে মেয়েরা একটা ভালো ফর্মে ফিরে ভারতে যাবে।’
সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকাও যোগ দেবেন সাফের ক্যাম্পে। এ বিষয়ে কিরণ বলেছেন, ‘আনিকা রোববার ঢাকায় পৌঁছাবেন। ও ঢাকায় নামার সাথে সাথেই আমরা ওকে চট্টগ্রামে পাঠিয়ে দেব টিমের সাথে যোগ দেওয়ার জন্য।’
আরআই/আইএইচএস/
Advertisement