দেশজুড়ে

ছাত্রীদের স্কুলড্রেস-জুতা-বাইসাইকেল দেওয়া হবে

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার সব ধরনের বিশেষ উদ্যোগ ও বহুমুখী কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল মানুষের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মেয়েদের লেখাপড়া ইতোমধ্যে অবৈতনিক করা হয়েছে। তাদের স্কুল ড্রেস ও জুতা সরবরাহ করছে সরকার। কোনো মেয়ে যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেজন্য তাদের বাইসাইকেল প্রদান করা হচ্ছে। এর ফলে মেয়েরা দলবদ্ধভাবে ও নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারবে, যা ইভটিজিং রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার, শারীরিক প্রতিবন্ধী এবং অসুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, হুইলচেয়ার ও বাইসাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কল্যাণে সরকারের এই মানবিক সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

Advertisement

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

মহসীন ইসলাম শাওন/কেএইচকে/এমএস