খেলাধুলা

আর্জেন্টিনার তারকা স্ট্রাইকারকে পেতে দৌড়ঝাঁপ বার্সার

স্প্যানিশ ফুটবলে সম্ভাব্য বড় এক ট্রান্সফার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বার্সেলোনা সম্প্রতি অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করেছে আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে পেতে।

Advertisement

বার্সার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক নতুন মৌসুমের জন্য একজন নির্ভরযোগ্য ‘নাম্বার নাইন’ চান। ক্লাবের পরিকল্পনা অনুযায়ী, আলভারেজকে দলে আনতে পারলে তিনি লামিনে ইয়ামাল এবং রাফিনহার সঙ্গে আক্রমণভাগে শক্তিশালী ত্রয়ী গঠন করতে পারবেন।

তবে এই চুক্তি সম্পন্ন করা সহজ হবে না। ২৬ বছর বয়সী আলভারেজ ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকোতে যোগ দেন, যেখানে ট্রান্সফার ফি অ্যাড-অনসহ প্রায় ৯৫ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে। তার বর্তমান চুক্তি ২০৩০ সাল পর্যন্ত, এবং এতে ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে।

অ্যাটলেটিকো মাদ্রিদও তাকে ছাড়তে আগ্রহী নয়। বরং ক্লাবটি তার সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত নতুন ও উন্নত চুক্তি করার পরিকল্পনা করছে, যাতে সম্ভাব্য ট্রান্সফার ঠেকানো যায়।

Advertisement

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালও আলভারেজকে দলে ভেড়াতে আগ্রহী বলে জানা গেছে।

বার্সেলোনার জন্য আরেকটি বড় বাধা হচ্ছে তাদের আর্থিক অবস্থা। লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের সীমার বাইরে থাকায় ক্লাবটি বড় অঙ্কের ট্রান্সফার আপাতত করতে পারবে না। তবে তারা আশা করছে গ্রীষ্মে পরিস্থিতির উন্নতি হবে এবং খেলোয়াড়ের আগ্রহ থাকলে চুক্তি সহজ হতে পারে—যেমনটা আগে অ্যান্তোনিও গ্রিজম্যানের ক্ষেত্রে হয়েছিল।

এই সম্ভাব্য ট্রান্সফার নিয়ে বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা সরাসরি আলোচনা পরিচালনা করবেন অ্যাটলেটিকোর স্পোর্টিং ডিরেক্টর মাতিও এলেমানির সঙ্গে।

উল্লেখ্য, বার্সা দীর্ঘদিন ধরেই আলভারেজের প্রতি আগ্রহ দেখাচ্ছে। রিভারপ্লেটে খেলার সময় থেকেই তাকে নজরে রাখা হয়েছিল। বর্তমানে তাকে ক্লাবটি মনে করছে রবার্ট লেওয়ানডস্কির সম্ভাব্য উত্তরসূরি, যার চুক্তি শেষ হতে যাচ্ছে এবং ফেরান তোরেসের ভবিষ্যতও অনিশ্চিত।

Advertisement

এমএমআর