জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে করা আপিল আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এ পাঁচ মামলায় খায়রুল হকের জামিন বহাল রয়েছে। তবে নিম্ন আদালতে বিচারাধীন আরও দুটি মামলায় জামিন না হওয়ায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।
Advertisement
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। । এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল। খায়রুল হকের পক্ষে ছিলেন সিনিয়র কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী হোসনে আরা।
এর আগে, ৮ মার্চ হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে চার মামলায় খায়রুল হককে জামিন দেয়। পরে ১১ মার্চ দুদকের মামলায়ও তিনি জামিন পান। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। তবে এর মধ্যে নিম্ন আদালতে আরও দুই মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হক গ্রেফতার হন। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
Advertisement
জানা গেছে, বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা; শাহবাগ, নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায় জালিয়াতি এবং রাজউকের প্লট কেনায় দুর্নীতির অভিযোগে দুদকের মামলা রয়েছে।
এফএইচ/এএমএ