প্রবাস

প্রেমের জিপিএস: স্বপ্ন, বাস্তবতা, নীরবতা এবং ভালোবাসা

‘মোর প্রিয়া হবে এসো রানী, খোঁপায় দেবো তারার ফুল’, এই আহ্বান কেবল একটি কবিতার লাইন নয়, এটি মানবসভ্যতার প্রেমচিন্তার এক দীর্ঘ ইতিহাসের প্রতিচ্ছবি। পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতিতেই প্রেম প্রথমে আসে ভাষার ভেতর দিয়ে, কল্পনার ভেতর দিয়ে, প্রতিশ্রুতির ভেতর দিয়ে। কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবতার সঙ্গে টিকে থাকে, সেটাই মানবজীবনের সবচেয়ে জটিল প্রশ্ন।

Advertisement

প্রেমের ইতিহাসে আমরা দেখি একদিকে রাজকীয় কাহিনি, অন্যদিকে লোককাহিনি, আবার কোথাও নিঃশব্দ অপেক্ষা।

ভারতীয় উপমহাদেশে শাহজাহান তার প্রিয়তমা মুমতাজের স্মৃতিতে নির্মাণ করেছিলেন তাজমহল। এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং প্রেমকে অমর করার মানবিক প্রচেষ্টা। এখানে প্রেম মৃত্যু মানে শেষ হয় না, বরং স্মৃতিতে রূপান্তরিত হয়।

অন্যদিকে পশ্চিমা সাহিত্যে রোমিও এবং জুলিয়েট এর প্রেম আমাদের দেখায়, সামাজিক বাধা এবং পারিবারিক সংঘর্ষ প্রেমকে কতটা করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। প্রেম এখানে শুধু আবেগ নয়, বরং সমাজ কাঠামোর সঙ্গে এক অনিবার্য সংঘর্ষ।

Advertisement

প্রাচীন গ্রিক কাহিনিতে ট্রয়ের হেলেন কেন্দ্র করে সংঘটিত ট্রয় যুদ্ধ দেখায়, একজন মানুষের প্রতি আকর্ষণ কীভাবে একটি পুরো সভ্যতাকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। প্রেম এখানে ব্যক্তিগত অনুভূতি থেকে রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতায় রূপ নেয়।

বাংলা সাহিত্য ও লোককথায় চণ্ডীদাস এবং রজকিনীর দীর্ঘ অপেক্ষার গল্প প্রেমকে দেখায় ধৈর্য, নিষেধাজ্ঞা এবং সময়ের সঙ্গে লড়াই হিসেবে। এখানে প্রেম দ্রুত নয়, বরং দীর্ঘ সহনশীলতার এক অনুশীলন।

আবার দেবদাসের কাহিনি দেখায় প্রেমের আরেক দিক, যেখানে সিদ্ধান্তহীনতা, সামাজিক কাঠামো এবং আত্মবিনাশ একসঙ্গে মিলে প্রেমকে ভেঙে দেয়। প্রেম এখানে হারিয়ে যায় না শুধু বাহ্যিক কারণে, বরং ভেতরের দুর্বলতা এবং অক্ষমতার কারণেও।

এসব কাহিনি আমাদের একটি বিষয় শেখায়, প্রেম সবসময় এক রকম থাকে না। কখনো তা ত্যাগে রূপ নেয়, কখনো ধ্বংসে, কখনো স্মৃতিতে, আবার কখনো অপেক্ষায়। এখন প্রশ্ন আসে, প্রেম কি শুধু কথার কথা, নাকি মনের গভীর সত্য?

Advertisement

প্রেমের শুরুতে মানুষ প্রায়ই ভাষা দিয়ে পৃথিবী গড়ে তোলে। প্রতিশ্রুতি, কবিতা, স্বপ্ন, ভবিষ্যতের ছবি, সব কিছুই তখন বাস্তবের চেয়ে বড় মনে হয়। কিন্তু সময়ের সঙ্গে সেই কথাগুলো বাস্তবতার ভারে পরীক্ষা দিতে শুরু করে।

গরিব মানুষের প্রেম এই বাস্তবতার মুখোমুখি সবচেয়ে কঠিনভাবে হয়। অনেক সময় প্রেম শুরু হয় সবচেয়ে নির্মল স্বপ্ন দিয়ে, কিন্তু অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক চাপ এবং জীবনের সংগ্রাম সেই স্বপ্নকে টিকতে দেয় না। সম্পর্ক তৈরি হয়, কিন্তু স্থায়িত্ব হারায় বাস্তবতার অভাবে। কখনো প্রতিশ্রুতি পূরণ হয় না, কখনো দূরত্ব তৈরি হয়, কখনো জীবনের চাপ মানুষকে আলাদা পথে নিয়ে যায়। প্রেম তখন শুধু অনুভূতি থাকে না, বরং অসমাপ্ত বাস্তবতার গল্প হয়ে যায়।

প্রকৃতিতে ফিরে গেলে দেখা যায় এক ভিন্ন চিত্র। পাখির জগতে পুরুষ পাখি নানা আচরণের মাধ্যমে নারী পাখিকে আকর্ষণ করে। রঙ, নাচ, বাসা, সবই একটি জৈবিক প্রক্রিয়ার অংশ। কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। মানুষ কথা বলে, স্বপ্ন দেখায়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু সব প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয় না।

এখানেই মানুষের প্রেম আলাদা হয়ে যায়, কারণ এখানে আবেগের সঙ্গে দায়িত্বের সংঘর্ষ তৈরি হয়।

প্রেমের এই ওঠানামাকে সুইডিশ ভাষায় বলা হয় berg- och dalbana, অর্থাৎ উত্থান পতনের পথ। সম্পর্ক কখনো খুব উঁচুতে থাকে, আবার কখনো নিচে নেমে আসে। এই ওঠানামার মধ্যেই সম্পর্কের সত্যিকারের চরিত্র প্রকাশ পায়। সহজ সময়ে প্রেম নয়, কঠিন সময়ে একসঙ্গে থাকা সেটাই সম্পর্কের গভীরতা নির্ধারণ করে।

পাশাপাশি পশ্চিমা সমাজে যেমন ফ্রান্স বা সুইডেন সেখানে প্রেম অনেক সময় বেশি কাঠামোগত এবং বাস্তবমুখী। সেখানে ব্যক্তিস্বাধীনতা, সমতা এবং পারস্পরিক দায়িত্ব গুরুত্ব পায়। প্রেম সেখানে কম কাব্যিক হতে পারে, কিন্তু টিকে থাকার কাঠামো তুলনামূলকভাবে শক্ত।

অন্যদিকে দক্ষিণ এশিয়ায় প্রেম অনেক সময় কাব্যিক, আবেগঘন এবং প্রতিশ্রুতিনির্ভর। কিন্তু বাস্তব জীবনের চাপ এখানে সম্পর্ককে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।

এখানে আরেকটি বাস্তবতা আসে, সেটি হলো দেশান্তর এবং দূরত্ব। মানুষ কাজ, জীবন এবং সুযোগের খোঁজে দেশ ছাড়ে। নতুন দেশে নতুন বাস্তবতায় পুরোনো সম্পর্ক অনেক সময় টিকে থাকতে পারে না। দূরত্ব শুধু ভৌগোলিক নয়, মানসিকও হয়ে ওঠে। স্মৃতি থাকে, কিন্তু উপস্থিতি হারিয়ে যায়।

এসব অভিজ্ঞতা মিলিয়ে প্রেম এক ধরনের মানবিক যাত্রা হয়ে দাঁড়ায়, যেখানে শুরু হয় স্বপ্ন দিয়ে, আর পরীক্ষা হয় বাস্তবতায়।

সব কিছু বলা হয়ে গেছে, তবুও আসলে কিছুই শেষ হয় না। কারণ কিছু কথা বলার জন্য তৈরি হয় না, বরং ভেতরে থেমে থাকার জন্য তৈরি হয়। মানুষ বারবার বলতে চায়, কিন্তু থেমে যায়। থেমে যায় সম্পর্কের ভেতরে, স্মৃতির ভেতরে, সিদ্ধান্তের ভেতরে।

সব কথা বলা হলো, বাকি রয়ে গেলো শুধু বলার চেষ্টা। যে কথা মনের গভীরে জমে থাকে, সেটাই সবচেয়ে বেশি ভারী হয়। মানুষ সেই কথার কাছে বারবার ফিরে যায়, কিন্তু প্রতিবারই কিছু না কিছু তাকে থামিয়ে দেয়।

সব পথ শেষ হয়ে যায় না, কিন্তু অনেক সময় মানুষ নিজেই একটি পথের সামনে থেমে যায়। সামনে এগোনোর সুযোগ থাকলেও মানুষ থেমে যায়, কারণ ভেতরের দ্বন্দ্ব বাইরের বাস্তবতার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে।

সব সুরও শেষ হয়ে যায় না, কিন্তু কিছু সুর উচ্চারণের আগেই হারিয়ে যায়। কিছু নাম বলা হয় না, কিছু অনুভূতি প্রকাশ পায় না, কিছু স্মৃতি শুধু ভেতরের মধ্যে ঘুরতে থাকে।

এই থেমে যাওয়াগুলোই আসলে প্রেমের সবচেয়ে গভীর বাস্তবতা। প্রেম শুধু প্রকাশ নয়, প্রেম হলো অসমাপ্ত উচ্চারণের ভেতরে বেঁচে থাকা একটি অনুভব।

সব বিশ্লেষণ, সব ইতিহাস, সব বাস্তবতার পরও মানুষ শেষ পর্যন্ত এক জায়গায় এসে থেমে যায়। কারণ প্রেম শুধু বোঝার বিষয় নয়, এটি না বলা কথার ভেতরে জমে থাকা একটি মানবিক সত্য।

প্রেম শেষ হয় না, শুধু সময়ের সাথে তার ভাষা বদলায়। মানুষ নতুন শব্দ খুঁজে নেয়, নতুন প্রকাশ খুঁজে নেয়, নতুন বাস্তবতায় তাকে বোঝার চেষ্টা করে। কিন্তু সেই সব পরিবর্তনের ভেতরেও একটি জায়গা অপরিবর্তিত থাকে।

সেই জায়গায় কোনো ইতিহাস নেই, কোনো সমাজ নেই, কোনো দূরত্ব নেই, কোনো ব্যর্থতা নেই। সেখানে শুধু অনুভূতি থাকে, এবং সেই অনুভূতির ভেতরে থাকে একটিই সত্য।

ভাষা বদলায়, তবে অনুভূতির জায়গায় প্রেম শুধু ভালোবাসা আর ভালোবাসার মধ্যে আছে শুধু ভালোবাসা।

রহমান মৃধা, গবেষক ও লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।Rahman.Mridha@gmail.com

এমআরএম