কোরবানির ঈদ সামনে এলেই দেশের বিভিন্ন পশুর হাট জমে ওঠে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে। কেউ পরিবার নিয়ে যাচ্ছেন পছন্দের গরু কিনতে, কেউ আবার বাজেটের মধ্যে ভালো ছাগল বা ভেড়া খুঁজছেন। তবে আনন্দের এই কেনাকাটায় অনেক সময় অসচেতনতা, তাড়াহুড়ো কিংবা ভুল সিদ্ধান্তের কারণে বিপাকে পড়তে হয় অনেককেই।
Advertisement
কখনো অসুস্থ পশু কিনে ফেলেন, কখনো অতিরিক্ত দাম দিয়ে প্রতারিত হন। আবার ভিড়ের মধ্যে চুরি বা নিরাপত্তাজনিত সমস্যাও দেখা দেয়। তাই পশুর হাটে যাওয়ার আগে কিছু করণীয় ও বর্জনীয় বিষয় জানা খুবই জরুরি। এতে যেমন ভালো পশু কেনা সহজ হবে, তেমনি ঝামেলাও কমবে অনেকটাই।
যাওয়ার আগে বাজেট ঠিক করুনহাটে যাওয়ার আগে প্রথম কাজ হলো বাজেট নির্ধারণ করা। অনেকেই নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া হাটে গিয়ে পছন্দের পশু দেখে অতিরিক্ত খরচ করে ফেলেন। এতে পরে আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই পরিবারের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী আগে থেকেই একটি বাজেট ঠিক করুন। এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং অপ্রয়োজনীয় খরচও কমবে।
পশুর বয়স ও স্বাস্থ্য যাচাই করুনকোরবানির পশু কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পশুর বয়স ও শারীরিক অবস্থা। পশুর চোখ উজ্জ্বল কি না, হাঁটাচলা স্বাভাবিক কি না, শরীরে কোনো ক্ষত বা অসুস্থতার লক্ষণ আছে কি না-এসব ভালোভাবে খেয়াল করতে হবে। গরুর দাঁত দেখে বয়স যাচাই করা যায়। সাধারণত দুইটি স্থায়ী দাঁত উঠলে গরু কোরবানির উপযুক্ত বয়সে পৌঁছায়। ছাগল ও ভেড়ার ক্ষেত্রেও বয়স নিশ্চিত করা জরুরি।
Advertisement
বর্তমানে দ্রুত পশু মোটা করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী ক্ষতিকর ওষুধ ব্যবহার করেন। এসব পশু দেখতে আকর্ষণীয় হলেও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অস্বাভাবিক ফোলা শরীর, দুর্বল চলাফেরা, হাঁপানো বা অতিরিক্ত নিস্তেজ আচরণ দেখলে সতর্ক হতে হবে। পশুটি স্বাভাবিকভাবে খাচ্ছে ও চলাফেরা করছে কি না, সেটিও খেয়াল করা জরুরি।
দরদামে ধৈর্য ধরুনপশুর হাটে দরদাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিক্রেতারা সাধারণত শুরুতে বেশি দাম বলেন। তাই একবারে সিদ্ধান্ত না নিয়ে কয়েকটি পশুর দাম যাচাই করুন। একাধিক হাট ঘুরে দেখলে বাজারদর সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। তাড়াহুড়ো করে কিনলে বেশি দাম দেওয়ার সম্ভাবনা থাকে।
নগদ টাকা বহনে সতর্ক থাকুনহাটে ভিড় বেশি থাকায় চুরি বা ছিনতাইয়ের ঝুঁকি থাকে। তাই সঙ্গে অতিরিক্ত নগদ টাকা না রাখাই ভালো। সম্ভব হলে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করুন। টাকা ও মোবাইল নিরাপদ স্থানে রাখুন এবং অপরিচিত কারও হাতে ব্যাগ বা অর্থ তুলে দেবেন না।
শিশুদের দিকে বাড়তি নজর দিনঅনেকেই পরিবার ও শিশুদের নিয়ে পশুর হাটে যান। কিন্তু ভিড়ের মধ্যে শিশু হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শিশুদের হাত ধরে রাখুন এবং তাদের একা কোথাও যেতে দেবেন না। প্রয়োজনে শিশুদের পকেটে পরিবারের ফোন নম্বর লিখে রাখা যেতে পারে।
Advertisement
পশুর হাটে গেলে অনেক সময় আবেগ কাজ করে। বড়, চকচকে বা বাহ্যিকভাবে আকর্ষণীয় পশু দেখলেই কিনে ফেলতে ইচ্ছা হয়। কিন্তু একটু ধৈর্য ও সচেতনতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভালো পশু কেনার জন্য শুধু টাকা নয়, প্রয়োজন পর্যবেক্ষণ ও সচেতনতা। তাই হাটে যাওয়ার আগে করণীয়-বর্জনীয় বিষয়গুলো মাথায় রাখুন। তাহলেই নিরাপদ ও স্বস্তিদায়ক কোরবানির প্রস্তুতি নেওয়া সহজ হবে।
জেএস/