ফোক ফিউশন ঘরানার গান ‘মহাজাদু’ ও ‘কই রইলা রে’র ব্যাপক সাফল্যের পর নতুন মৌলিক গান নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার নতুন গানটির শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’।
Advertisement
গানটির কথা লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। বরাবরের মতো গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
জানা গেছে, শিগগিরই গানটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শিল্পী ও গীতিকবি।
নতুন গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘পরপর ফোক ফিউশন গান প্রকাশের পর মনে হলো শ্রোতাদের জন্য ভিন্ন কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ তৈরি করেছি। চেষ্টা করেছি আগের চেয়ে আলাদা সুর ও সংগীতায়োজন উপহার দিতে। আশা করি কথা, সুর, সংগীতায়োজন ও ভিডিও- সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
Advertisement
এর আগে ‘কোক স্টুডিও বাংলা’-য় তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তমের সঙ্গে জুটি বেঁধে ‘মহাজাদু’ গানটি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন হাবিব ওয়াহিদ। এরপর কোরবানি ঈদে প্রকাশিত হয় ‘কই রইলা রে’, যেখানে দীর্ঘ ২১ বছর পর তার সংগীতায়োজনে কণ্ঠ দেন ‘কৃষ্ণ’ অ্যালবামের আলোচিত কণ্ঠশিল্পী কায়া।
গানটিতে আরও যুক্ত ছিলেন সংগীতশিল্পী ও সংগীতায়োজক মুজা।
এলআইএ
Advertisement