বিনোদন

রূপম ইসলামের স্ত্রীকে হত্যার হুমকি, মুখ খুললেন রূপসা

ভারতীয় বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় গায়ক রূপম ইসলামের স্ত্রী ও ফসিল্‌স ব্যান্ডের ম্যানেজার রূপসা দাশগুপ্তকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ফসিল্‌সের ভক্ত পূজা দাস সামাজিক মাধ্যমে কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে দেখা যায়, এক ব্যক্তি রূপসা দাশগুপ্তকে হত্যার হুমকি দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি বার্তায় দাবি করেন, কলকাতায় এলে তিনি রূপসাকে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গুলি করে হত্যা করবেন।

ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রূপসা দাশগুপ্ত। কেন তাকে এমন হুমকি দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ওই ব্যক্তির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা রয়েছে। কখনো তিনি ভালো কথা বলেন, আবার কখনও আক্রমণাত্মক আচরণ করেন।

আরও পড়ুন রহস্যময়ী নারীর সঙ্গে বাদশার ছবি, জড়ালো হানিয়া আমিরের নাম

রূপসার ভাষ্য, বিষয়টি নতুন নয়। দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির কাছ থেকে এ ধরনের আচরণ দেখা যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে পূজা দাস এবং তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিষয়টি প্রকাশ্যে এসেছে।

Advertisement

প্রাণনাশের হুমকির ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে রূপসা জানান, এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে পূজা দাসের পোস্টে মন্তব্য করে রূপসা জানান, তিনি বহু বছর ধরে অভিযুক্ত ব্যক্তিকে চেনেন এবং নানা সময় তাকে সাহায্যও করেছেন। তার দাবি, ওই ব্যক্তি রূপম ইসলামকে নিয়ে অত্যন্ত মাত্রায় আসক্ত। প্রায়ই অসংখ্য বার্তা পাঠান তিনি। কখনো প্রশংসা করেন, আবার কখনো কঠোর সমালোচনা করেন।

রূপসার আরও অভিযোগ, ওই ব্যক্তি বিভিন্ন সময়ে আত্মহত্যার ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠিয়েছেন। এমনকি নিজের পোষা কুকুরকে হত্যা করার দাবিও করেছেন। এছাড়া রূপম ইসলাম ও তাকে ‘কিনে নেওয়ার ক্ষমতা’ আছে বলেও দাবি করেছেন বলে জানান তিনি।

রূপসা আরও বলেন, ওই ব্যক্তি তার এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিওও ছড়িয়ে দিয়েছেন। এত কিছুর পরও তিনি তাকে সহযোগিতা করার চেষ্টা করেছিলেন। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শেষ পর্যন্ত তাকে ব্লক করতে বাধ্য হয়েছেন।

Advertisement

আরও পড়ুন নতুন সিনেমার প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

তার দাবি, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে হওয়া সব কথোপকথনের স্ক্রিনশট তার কাছে সংরক্ষিত রয়েছে। চাইলে অনেক আগেই আইনি ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু এতদিন বিষয়টি এড়িয়ে গেছেন।

এমএমএফ/জেআইএম