দেশের প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা পাওয়ার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করছে ‘মালিক’। সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আগামী ১২ জুন তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
Advertisement
আয়োজক সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’র প্রিমিয়ার শো। আয়োজনের দায়িত্বে রয়েছে বংগোজ ফিল্মস। এছাড়া মেলবোর্ন ও অ্যাডিলেডেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব প্রদর্শনীতেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ।
প্রিমিয়ার শোগুলোতে দর্শকদের সঙ্গে সরাসরি সিনেমা উপভোগ করবেন এই অভিনেতা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়েরও পরিকল্পনা রয়েছে।
দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার নতুন নতুন প্রেক্ষাগৃহেও যুক্ত হয়েছে সিনেমাটির প্রদর্শনী।
Advertisement
অস্ট্রেলিয়ায় প্রিমিয়ার উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।’
তিনি আরও বলেন, দর্শকদের ভালোবাসা ও সাড়া পেলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে পরিবার ও বন্ধুদের নিয়ে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।
দেশে সফলতার পর এবার প্রবাসী দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে ‘মালিক’। আর সেই আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে থাকছেন আরিফিন শুভ।
এলআইএ
Advertisement