যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের স্বপ্ন। তবে টিউশন ফি, আবাসন, বইপত্র ও যাতায়াত খরচের কারণে এ স্বপ্ন অনেক সময় নাগালের বাইরে মনে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে, যা দেশটিতে পড়াশোনাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছে।
Advertisement
উচ্চশিক্ষার জন্য সব দেশের শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ২০২৬ সালের কিএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়েও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান দখল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক সহায়তার আবেদন যত দ্রুত শুরু করা যায়, ততই সুবিধা পাওয়ার সম্ভাবনা বাড়ে।
ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রেখেছে এমআইটি। বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে এবং পারিবারিক আর্থিক অবস্থার ভিত্তিতে উপযুক্ত সহায়তার ব্যবস্থা করে।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যেসব পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলারের নিচে, তাদের জন্য অভিভাবকদের কোনো আর্থিক অবদান রাখার প্রয়োজন হয় না।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমআইটি-এর ৩৯.৪৭ শতাংশ স্নাতক শিক্ষার্থী এমন বৃত্তি ও অনুদান পেয়েছেন, যার পরিমাণ তাদের সম্পূর্ণ টিউশন ফির সমান বা তার চেয়েও বেশি।
হার্ভাড বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড কলেজের গ্রিফিন ফিন্যান্সিয়াল এইড অফিস আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তা প্রদান করে।
Advertisement
বিশ্ববিদ্যালয়টি জানায়, হার্ভার্ডে পড়াশোনার খরচ আপনার পরিবারের সামর্থ্য অনুযায়ী নির্ধারিত হয়।
যেসব পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলারের নিচে, তাদের জন্য পড়াশোনার পুরো খরচ মওকুফ করা হয়। এ সহায়তার আওতায় টিউশন ফি, আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা, যাতায়াত ব্যয়, শীতকালীন পোশাক, বিভিন্ন কার্যক্রমের ফি এবং প্রথম বর্ষে ২ হাজার ডলারের স্টার্ট-আপ অনুদান অন্তর্ভুক্ত থাকে। এছাড়া তৃতীয় বর্ষে শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতির জন্য আরও ২ হাজার ডলারের একটি অনুদান দেওয়া হয়।
অন্যদিকে, যেসব পরিবারের আয় ২ লাখ ডলারের নিচে, তাদের জন্য টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়।
ইয়েল বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভর্তি প্রক্রিয়ায় আবেদনকারীর অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করা হয় না। বিশ্ববিদ্যালয়টি প্রত্যেক পরিবারের প্রদর্শিত আর্থিক প্রয়োজনের শতভাগ পূরণ করার নীতি অনুসরণ করে।
প্রথম বর্ষের আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তিনটি আবেদন প্ল্যাটফর্মের যেকোনো একটির মাধ্যমে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী আর্থিক সহায়তা চান, তাদের ভর্তি আবেদনের সময়ই বিষয়টি উল্লেখ করতে হয়। যেসব আবেদনকারী আর্থিক সহায়তার যোগ্যতা নিয়ে ভর্তি হন, তাদের পারিবারিক আর্থিক অবস্থার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে সহায়তা দেওয়া হয়।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নাগরিকত্ব বা আবাসিক অবস্থান নির্বিশেষে প্রায় সবার জন্য একই। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্যায়নের সময় আর্থিক প্রয়োজন বিবেচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের প্রদর্শিত আর্থিক প্রয়োজনের শতভাগ পূরণ করা হয়।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গড় আর্থিক সহায়তার পরিমাণ ৭৯ হাজার ৩৭৫ ডলার।
যুক্তরাষ্ট্রের এসব শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি পর্যাপ্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগও রয়েছে। তাই আগেভাগে আবেদন প্রক্রিয়া শুরু করা এবং প্রয়োজনীয় আর্থিক নথিপত্র প্রস্তুত রাখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।
এমএসএম