ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় অবহেলার দায়ে রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার (১১ জুন) এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে লাইসেন্স বাতিলের তথ্য নিশ্চিত করা হয়।
অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে এ আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার (রিভিউ) আইনি সুযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।
একই সঙ্গে হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা রোগীদের অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
Advertisement
গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের আকস্মিক মৃত্যু হয়। এক বা দুদিন বয়সী এসব নবজাতক পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ভর্তি ছিল। এ হৃদয়বিদারক ঘটনার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনা তদন্তে ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ১১(১) ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের চরম অবহেলার চিত্র উঠে এলে গত ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আরও পড়ুন আদ-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় অনড় সরকার: স্বাস্থ্যমন্ত্রীপ্রথমে ৭ জুন বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর সময়সীমা ৯ জুন পর্যন্ত বাড়ানো হয়। পরে ৯ জুন আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে লিখিত জবাব ও ব্যাখ্যা দেয়, তা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সন্তোষজনক মনে হয়নি। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অধ্যাদেশের ১১ (২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ঘোষণা আদ্-দ্বীনেরএদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
Advertisement
হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক হারানো প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আজীবন বিনামূল্যে চিকিৎসা, উপযুক্ত সদস্যদের শিক্ষাবৃত্তি প্রদান এবং যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীন গ্রুপে চাকরি দেওয়ার ঘোষণাও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এসইউজে/এসএইচএস