আন্তর্জাতিক

ভারতীয় নাবিক থাকা আরও একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ওমানের শিনাস বন্দরের অদূরে ভারতীয় নাবিকবাহী আরও একটি বাণিজ্যিক জাহাজে ‘হামলার’ ঘটনা ঘটেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করছে।

Advertisement

চলতি সপ্তাহে এ নিয়ে ভারতীয় নাবিক থাকা মোট তিনটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালাল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আক্রান্ত নতুন জাহাজটির নাম ‘জলবীর’। গিনি-বিসাউয়ের পতাকাবাহী এই ট্যাংকারটিতে থাকা সব ভারতীয় ক্রু সদস্য এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন ওমান উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ওমান উপসাগরে ভারতীয় ক্রু থাকা জাহাজে মার্কিন বাহিনী হামলা চালানোর পর গত বুধবারই নয়াদিল্লিতে নিযুক্ত এক শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানায় ভারত।

এর আগে ‘এমটি সেত্তেবেলো’ নামে একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ২৪ জন ভারতীয় ক্রুর মধ্যে ৩ জন নিহত হন এবং ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তারও আগে চলতি সপ্তাহের শুরুতে ‘মারিভেক্স’ নামের একটি খালি ট্যাংকারের ওপর মার্কিন বাহিনী হামলা চালায়। জাহাজটি ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত বলে সন্দেহ করেছিল ওয়াশিংটন। তবে সেই জাহাজেরও ২৪ জন ভারতীয় ক্রু সদস্যকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিল।

Advertisement

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এ পর্যন্ত তারা নির্দেশ অমান্য করা আটটি জাহাজকে অচল করে দিয়েছে এবং ১৩৪টি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে।

আরও পড়ুন ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা, ক্ষোভে মার্কিন কূটনীতিককে তলব দিল্লির

এ পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কড়া বিবৃতি জারি করে ভারতীয় ক্রু থাকা বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ক্রমাগত হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলার ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং এটি চলমান আঞ্চলিক সংঘাতেরই সরাসরি ফলাফল। আমরা অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং একটি কূটনৈতিক সমাধানের জন্য চলমান আলোচনা সফল করার আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমসকেএএ/

Advertisement