আন্তর্জাতিক

আজ রাতে ইরানে বড় হামলা করা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ পদক্ষেপ নেবো। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

Advertisement

ট্রাম্প লিখেছেন, খুব দূরের ভবিষ্যতে নয়, আমরা খার্গ দ্বীপসহ ইরানের অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবো এবং তাদের তেল ও গ্যাস বাজারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবো, যেমনটি আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে করেছি।

এ সময় তিনি আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে কানাডার বিমান সংস্থা এয়ার কানাডা তেল আবিব ও দুবাইয়ের সঙ্গে সব ফ্লাইট স্থগিতাদেশ আরও বাড়িয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

Advertisement

এর আগে এয়ার কানাডা ৮ সেপ্টেম্বর পর্যন্ত তেল আবিব ও দুবাইয়ের ফ্লাইট বাতিল করেছিল।

অন্যদিকে, উপসাগরীয় অঞ্চলে একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নিহত হওয়ার পর ভারত উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জাহাজে হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, ‘জলভীর’ নামের আরেকটি জাহাজও মার্কিন নৌবাহিনীর হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, ওমান উপসাগরে রাতভর অভিযানে তারা তৃতীয় একটি তেলবাহী জাহাজ অচল করে দিয়েছে।

জয়সওয়াল বলেন, এসব হামলা অবশ্যই বন্ধ হতে হবে। আমরা আবারও সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।

Advertisement

তিনি আরও বলেন, অঞ্চলে জাহাজ চলাচলের ওপর চলমান হামলাগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং এগুলো সেখানে চলমান সংঘাতের সরাসরি ফলাফল।

এর আগে ভারত সরকার যুক্তরাষ্ট্রের উপ-মিশনপ্রধান জেসন মিকসকে তলব করে এ ঘটনায় ‘কঠোর প্রতিবাদ’ জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম