জাতীয়

সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান শাহ (২২) ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহর ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা চললেও বৃহস্পতিবার হান্নানের কোনো পরীক্ষা ছিল না। সকালে বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত সুপারি গাছ কাটতে যান তিনি। একপর্যায়ে গাছটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

Advertisement

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হান্নানের ফুফাতো ভাই এমরান হোসেন বলেন, ইনকোর্স পরীক্ষার কারণে হান্নান বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার তার পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে হান্নানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Advertisement

এমআরএএইচ/জেএইচ