দেশজুড়ে

রান্নাঘরের বেড়ায় ফুটবল লাগায় তিন ছাত্রকে পেটালেন গৃহবধূ

পঞ্চগড়ে স্কুলমাঠে ফুটবল খেলার সময় প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের বেড়ায় লাগায় প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে ওই বাড়ির গৃহবধূর বিরুদ্ধে। আহত অবস্থায় তিন ছাত্রকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা শহরের জালাসী শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণির ছাত্র রেজওয়ান খান অপূর্ব, মিম হোসেন ও চতুর্থ শ্রেণির তাওহীদ হাসান আশিক।

আহত ছাত্ররা জানায়, দুুপুরে টিফিনের বিরতির সময় তারা মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি বিদ্যালয়ের পাশের হাসেন আলীর বাড়ির রান্নাঘরের বেড়ায় গিয়ে লাগে। এসময় ক্ষুব্ধ হয়ে হাসানের স্ত্রী জুয়তুন বেগম লাঠি দিয়ে তাদের আঘাত করেন। পাশাপাশি ইটপাটকেল ছোড়েন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ আহত তিন ছাত্রকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

Advertisement

রেজওয়ান খান অপূর্ব বলে, ‌‘ওরা খেলছিল, আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এসময় টিনের বেড়ায় বল লাগায় আন্টিটা এসে আমার পায়ে লাঠি দিয়ে মারতে থাকে। আমি পড়ে যাই। পরে ম্যাডাম আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা জান্নাতুল পারভীন বলেন, ‘হাসেন আলীর সঙ্গে আমাদের বিদ্যালয়ের তিন শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয়ে আমরা আদালতে মামলাও করেছি। এই রেশ ধরে তিনি আমাদের শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেন। আজ তাদের রান্নাঘরের বেড়ায় বল লাগায় তিন ছাত্রকে পিটিয়ে আহত করেছেন। তাদের আচরণে অভিভাবকরাও ক্ষুব্ধ হয়ে উঠেছেন।’

তিনি বলেন, ‘এ ধরনের আচরণ বারবার আমরা মেনে নিতে পারি না। তাই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত জয়তুন বেগমের স্বামী হাসান আলী বলেন, ‘রান্নাঘরে ভাতের ওপর ফুটবল গিয়ে পড়ায় আমার স্ত্রী শিশুদের সামান্য শাসন করেছে।’

Advertisement

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সফিকুল আলম/এসআর/এমএস