ক্ষুদ্র ঋণ গ্রহণ ও বিতরণ প্রক্রিয়া সহজ করতে দেশে ই-লোন চালুর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
Advertisement
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণপ্রাপ্তি সহজ ও দ্রুত করতে ই-লোন চালুর সুযোগ রাখা হয়েছে। এই ব্যবস্থায় ১২ মাস মেয়াদে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বিতরণ করা যাবে। ফলে সাধারণ মানুষের জন্য ঋণ গ্রহণ প্রক্রিয়া আরও সহজ হবে, আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং গ্রাহকদের সময় ও পরিচালন ব্যয় কমবে।
তিনি আরও জানান, খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে ‘প্রি-স্যুট মেডিয়েশন’ বা মামলা-পূর্ব মধ্যস্থতা ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। ফলে আদালতনির্ভর দীর্ঘ প্রক্রিয়া ও ব্যয় কমবে, ঋণসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে এবং ঋণ পুনরুদ্ধারের হার বাড়বে।
Advertisement
ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করতে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থা কার্যকর করার উদ্যোগের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সেবামাধ্যমের মধ্যে দ্রুত অর্থ পরিশোধ ও নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং ক্যাশলেস লেনদেনের পরিমাণ বাড়বে।
ইএআর/কেএসআর