মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয়ে গেলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার প্রীতি ফুটবল টুর্নামেন্ট। এতে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা।
Advertisement
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে শিবচরের হাতিরবাগান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দুই দেশের জার্সি পরে খেলোয়াড়রা মাঠে নামেন। দর্শকরাও পরেছিলেন পছন্দের দলের জার্সি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের মতো ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় পিছিয়ে নেই মাদারীপুরও। পতাকা-ফেস্টুন দিয়ে রাস্তাঘাট সাজানোর পাশাপাশি জার্সি/টি-শার্ট পরেও চলছে ঘোরাঘুরি। অনুষ্ঠিত হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচও। এরই অংশ হিসেবে বিকেল সাড়ে ৪টায় উপজেলার হাতিরবাগান মাঠে স্থানীয় খেলোয়াড়দের আয়োজনে ব্রাজিল সমর্থক বনাম আর্জেন্টিনা সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলা উপভোগ করতে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে পছন্দের দলের জার্সি পরে হাজারো দর্শক মাঠে আসতে শুরু করেন। খেলা শুরু হওয়ার আগেই বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতিতে গ্যালারি ও মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
Advertisement
খেলায় ব্রাজিল সমর্থকদের ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে আর্জেন্টিনা সমর্থক দল। ব্রাজিলের পক্ষে খেলার প্রথমার্ধে নাহিদ নামের এক খেলোয়াড় একটি গোল করেন। পরে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টিতে তপু একটি গোল করে খেলায় সমতায় ফিরিয়ে আনেন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে সুজয় একটি গোল করে দলকে জয়ের দিকে নিয়ে যান।
আর্জেন্টিনার সমর্থক হাসান আহমেদ বলেন, ‘খেলা দেখে বেশ আনন্দ পেয়েছি। আর্জেন্টিনার সমর্থক দল ব্রাজিলকে হারিয়ে বিজয়ী হয়েছে। এবারের বিশ্বকাপেও আমরা এমনটা প্রত্যাশা করছি।’
ব্রাজিলের সমর্থক কাজল খান বলেন, ‘এখানে হেরে গেলেও বিশ্বকাপে আমার দল ব্রাজিল এবার কাপ নেবে।’
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস
Advertisement