দেশজুড়ে

খুলনা সিটি মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে, রোগী স্থানান্তর শুরু

খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে হাসপাতালে আটকে পড়া রোগীদের উদ্ধার ও অন্য হাসপাতালে স্থানান্তরের কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৯টার পর পর সিটি মেডিকেলের পাশের বিল্ডিং থেকে আগুনের ধোয়া মেডিকেলের মূল ভবনে ছড়িয়ে পড়ে। এসময় সিটি মেডিকেলের মূল ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ শুরু করে। ভেতরে আটকে থাকা রোগীদের উদ্ধার করে আশপাশের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্যদের উদ্ধার করে স্থানান্তরের কাজ চলমান আছে।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম বাবলু বলেন, হাসপাতালে প্রায় দুই শতাধিক রোগী ভর্তি ছিল। হাসপাতালে ৬টি ওটি চালু ছিল।

Advertisement

তবে আইসিইউ ও সিসিইউতে ভর্তি রোগীর সংখ্যা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

খুলনা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, মূল ভবনে উদ্ধার অভিযান চলছে। সিটি মেডিকেলের মূল ভবনের ভেতরে কোথাও আগুন লাগেনি। তবে মূল ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আগুনের ধোয়া ছড়িয়ে পড়ে। আমাদের উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

আরিফুর রহমান/এমআইএইচএস

Advertisement