চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের স্থলাভিষিক্ত হবেন।
Advertisement
বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭(১) অনুযায়ী প্রকৌশলী বেলায়েত হোসেনকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
Advertisement
সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন ১৯৭৭ সালে এসএসসি এবং ১৯৭৯ সালে এইচএসসি পাস করেন। পরে ১৯৮৫ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।
রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদলের মাধ্যমে সক্রিয় হন। ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সভাপতি এবং ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৪ সালে তিনি সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পান। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত হন।
বেলায়েত হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। তার দাবি, বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলায় তিনি গ্রেফতার ও কারাবাসের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।
Advertisement
এমআরএএইচ/এমআইএইচএস