জাতীয়

রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় বন্দুক উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকার বালিরঘোনা সড়কের পাশের একটি টিলায় একজন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে অন্ধকারে পালিয়ে যান।

পরে ওই বস্তা তল্লাশি করে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। অস্ত্রটি জব্দ করা হয়েছে।

Advertisement

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা রাঙ্গুনিয়া মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অস্ত্রটির মালিক বা পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমআরএএইচ/এমআইএইচএস