খেলাধুলা

সনের দক্ষিণ কোরিয়ার সামনে ২০ বছর পর ফেরা চেকিয়া

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া ও দীর্ঘদিন পর বিশ্বকাপে ফিরে আসা ইউরোপের দল চেকি প্রজাতন্ত্র। ‘এ’ গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর জাপোপানে অবস্থিত ঐতিহাসিক এস্তাদিও গুয়াদালাহারায়। ম্যাচটি বাংলাদেশ সময় ১২ জুন (শুক্রবার) সকাল ৮টায় শুরু হবে।

Advertisement

একই গ্রুপে রয়েছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। যারা মুখোমুখি হয়েছে উদ্বোধনী ম্যাচে। ২-০ গোলে মেক্সিকো হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ফলে নকআউট পর্বে জায়গা করে নিতে প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট সংগ্রহের লক্ষ্য এই দুই দলের।

দক্ষিণ কোরিয়া এবার বিশ্বকাপে এসেছে নতুন পরিকল্পনা ও বাড়তি আত্মবিশ্বাস নিয়ে। দলের নেতৃত্বে আছেন দেশটির সবচেয়ে বড় তারকা সন হিউং-মিন। এটি হবে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ১২তম অংশগ্রহণ। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ থেকে টানা প্রতিটি আসরে (১১ বার) খেলছে এশিয়ার এই দলটি। গত দুই বিশ্বকাপে জার্মানি ও পর্তুগালের মত দলকে হারিয়েছে তারা। ২০১৮ বিশ্বকাপে তো জার্মানিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় করে দিয়েছিল কোরিয়ানরা।

কোচ হং মিয়ুং-বো দলের খেলায় আরও আক্রমণাত্মক ধারা আনতে চাইছেন। তার আত্মবিশ্বাসের বড় কারণ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার অপরাজিত থাকা। পুরো বাছাইপর্বে কোনো ম্যাচ না হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।

Advertisement

অন্যদিকে দীর্ঘ ২০ বছর পর আবার বিশ্বকাপে ফিরেছে চেকিয়া। নাটকীয় প্লে-অফ পেরিয়ে তারা জায়গা করে নেয় মূল আসরে। প্রথমে আয়ারল্যান্ড, পরে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ইউরোপের দলটি। কোচ মিরোস্লাভ কুবেকের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে তারা এবং টানা জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

দুই দলের দুই তারকা

ম্যাচটির বড় আকর্ষণ নিঃসন্দেহে দুই দলের দুই তারকা- সন হিউং-মিন ও প্যাট্রিক শিক।

দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সনের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা চা বুম-কুনের রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আর মাত্র দুই গোল। চার দশক ধরে অক্ষত থাকা সেই রেকর্ড ভাঙার পথে বিশ্বকাপ হতে পারে বড় মঞ্চ। বর্তমানে এমএলএস ক্লাব এলএএফসিতে খেলছেন সন। চলতি মৌসুমে ১৩ ম্যাচে করেছেন ৮টি অ্যাসিস্ট। ক্লাব পর্যায়ে ভালো সময় কাটানো এই ফরোয়ার্ড বিশ্বকাপেও দলকে নকআউটে নিতে চান।

Advertisement

চেকিয়ার সবচেয়ে বড় ভরসা প্যাট্রিক শিক। লেভারকুসেনের এই স্ট্রাইকার গত কয়েক মৌসুম ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন। চলতি মৌসুমে ৪২ ম্যাচে করেছেন ২২ গোল ও ৩ অ্যাসিস্ট। জাতীয় দলের জার্সিতে ৫২ ম্যাচে করেছেন ২৫ গোল। বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ ম্যাচে তার গোল সংখ্যা ৮।

পরিসংখ্যান বলছে, দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে। এখন পর্যন্ত তিনবারের দেখায় দুই দলেরই একটি করে জয় রয়েছে, আর একটি ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া।

সম্ভাব্য একাদশ:

দক্ষিণ কোরিয়া (৪-২-৩-১): জো হিউন-উ, সিওল ইয়ং-উ, কিম মিন-জায়ে, জো ইউ-মিন, লি তায়ে-সিওক, পাইক সিউং-হো, হুয়াং ইন-বিওম, লি কাং-ইন, বে জুন-হো, হুয়াং হি-চান, সন হিউং-মিন।

চেকিয়া (সম্ভাব্য ৩-৪-২-১): মাতেজ কোভার, টমাস হোলেস, রবিন হরানাচ, ডেভিড জিমা, ভ্লাদিমির কুফাল, টমাস সউচেক, মিখাল সাদিলেক, ডেভিড জুরাসেক, পাভেল সুলচ, আদাম হ্লোজেক, প্যাট্রিক শিক।

বিশ্লেষকদের অনেকেই ম্যাচটিকে সমান লড়াইয়ের হিসেবে দেখছেন। বাজির বাজারেও ড্রয়ের সম্ভাবনা বেশ আলোচনায়। তবে বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচের চাপ কে কতটা সামলাতে পারে, সেটাই হয়তো নির্ধারণ করবে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের ভাগ্য।

আইএইচএস/