জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬। ইংল্যান্ডের ঐতিহাসিক এজবাস্টন স্টেডিয়ামে শুক্রবার পর্দা ওঠে বিশ্ব নারী ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। তবে ম্যাচ শুরুর আগে দর্শকদের মুগ্ধ করেছে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান।
Advertisement
ক্রিকেটের উত্তেজনার আগে এজবাস্টন রূপ নেয় এক সাংস্কৃতিক মঞ্চে। আলো, সঙ্গীত, নৃত্য এবং নাট্যশৈলীর সমন্বয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান দর্শকদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ব্রিটিশ থিয়েটার জগতের জনপ্রিয় দুই তারকা এমা কিংস্টন ও জিজি স্ট্র্যালেন।
তাদের পরিবেশনায় ফুটে ওঠে নারী ক্রীড়াবিদদের সংগ্রাম, সাফল্য এবং বিশ্ব ক্রিকেটে নারীদের ক্রমবর্ধমান অবস্থানের গল্প। সুর, নৃত্য এবং নাটকীয় উপস্থাপনার মাধ্যমে তারা নারী ক্রিকেটের অগ্রযাত্রাকে উদযাপন করেন। স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাদের পরিবেশনার প্রশংসা করেন।
আইসিসি এবারের বিশ্বকাপকে নারী ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ও আকর্ষণীয় আসরে পরিণত করার লক্ষ্য নিয়েছে। সেই পরিকল্পনারই অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। আয়োজকরা জানান, নারী ক্রিকেটের জনপ্রিয়তা বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে এবং এই বিশ্বকাপ সেই অগ্রযাত্রাকে আরও একধাপ এগিয়ে নেবে।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহারও ছিল চোখে পড়ার মতো। আলোকসজ্জা, বিশেষ ভিজ্যুয়াল এফেক্ট এবং সঙ্গীতের সমন্বয়ে পুরো স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। ক্রিকেটপ্রেমীরা ম্যাচ শুরুর আগেই উপভোগ করেন এক স্মরণীয় সাংস্কৃতিক আয়োজন।
এরপর মাঠের লড়াইয়ে নামে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। তবে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানই ছিল দিনের প্রথম বড় আকর্ষণ। এমা কিংস্টন ও জিজি স্ট্র্যালেনের পরিবেশনা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনাকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তোলে।
বিশ্বের সেরা দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে শিরোপার লড়াই। আর সেই লড়াইয়ের যাত্রা শুরু হলো এজবাস্টনের ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।
আইএইচএস/
Advertisement