অর্থনীতি

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়েছে: আমিরুল হক

জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক। গণমাধ্যমে পাঠানো এক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

Advertisement

এর আগে বৃহস্পতিবার ( ১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমিরুল হক বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর সমন্বিতভাবে জোর দিয়েছে। তাই এটি একটি ‘ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাজেট’ হয়েছে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর (এআইটি) নিয়ে কথা বলে এসেছি। কারণ, অনেক সময় এই আয়কর সমন্বয় করার সুযোগ থাকে না। তাই কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়করের হার ৫ শতাংশ থেকে ১ শতাংশের মধ্যে সীমিত রাখা উচিত বলে আমরা দাবি জানিয়ে এসেছি। ব্যবসায়ীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে এবারের বাজেটে এআইটি কমানো হয়েছে। এছাড়া এআইটি ফেরত দেবে বলেছে এটা খুব ভাল উদ্যোগ। আমরা আশা করছি বাজেটের ঘোষণা মোতাবেক আমাদের এআইটি ফেরত দেওয়া হবে। এটি একটি পজিটিভ সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের জন্য রিলিফ হলো।

Advertisement

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বলেন, বিনিয়ন্ত্রণকরণের মাধ্যমে সরকারি কাজে বিলম্ব ও অপ্রয়োজনীয় ধাপ পরিহার করে একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এটি অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। এবারের বাজেটে অনেক পণ্যের কাঁচামালের ডিউটি কমানো হয়েছে। আরও কিছু কাঁচামাল রয়েছে যেগুলোর ডিউটি কমানো প্রয়োজন বলে আমি মনে করি। তাহলে ফিনিশড প্রোডাক্টের ওপর ডিফারেন্স থাকলে আমাদের দেশে ভ্যালু এডিশনটা বৃদ্ধি পাবে।

একইসঙ্গে রপ্তানি বহুমুখী করতে নতুন করে বন্ড লাইসেন্স দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তৈরি পোশাক খাতের বাইরে নতুন নতুন পণ্যের জন্য বন্ড লাইসেন্স দেওয়া হবে। ভবিষ্যতের আন্তর্জাতিক বাজার আমাদের জন্য আরও প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে, তখন নতুন পণ্য রপ্তানির জন্য লাইসেন্সের প্রয়োজন হবে। সবাইকে বন্ড লাইসেন্স দেওয়ার সরকারের এই উদ্যোগ আমাদের রপ্তানি বহুমুখীকরণের জন্য একটি প্লাস পয়েন্ট বলে তিনি মনে করেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিলের ঘোষণা দিয়েছিল। বেসরকারি খাতে ঋণ প্রবাহকে সহায়তা করতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করি। আগামী দুই-তিন বছর অর্থনীতিতে এটি একটি ভালো রেজাল্ট দেবে। বৃহৎ শিল্প, সিএমএসএমই, কৃষি এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য বরাদ্দ, সঙ্গে ৬ শতাংশ সুদ ভর্তুকি, উৎপাদনকে উৎসাহিত করতে এবং ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের ঘোষণাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। ঢাকা-চট্টগ্রাম কর্ডলাইন স্থাপন এবং এজন্য বাজেটে প্রস্তাবনা রাখা আমাদের চট্টগ্রামবাসীর জন্য একটি সুখবর যা আমাদের অত্যন্ত আনন্দের।

Advertisement

শিল্পের অবকাঠামো সম্প্রসারণ, বিশেষ করে পটুয়াখালী ও যশোরে নতুন ইপিজেড স্থাপন এবং কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর ও কুষ্টিয়ায় অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনাকে সাধুবাদ জানাই। এই উদ্যোগ ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত সহায়ক এবং দেশব্যাপী অসংখ্য কর্মসংস্থানের সৃষ্টি করবে। এছাড়া রপ্তানি শিল্পের জন্য প্রস্তাবিত শুল্কমুক্ত আমদানি সুবিধা আমাদের রপ্তানি পণ্যের ব্যাপ্তি বৃদ্ধির পাশাপাশি বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করবে।

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এমপ্লয়েমেন্ট এক্সচেঞ্জ, এসআইসিআইপি প্রশিক্ষণ কর্মসূচি এবং উন্নত ওয়ার্কার ওয়েলফেয়ার ব্যবস্থার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। বৈদেশিক আয়ের স্থিতিশীলতা বজায় রাখতে রেমিট্যান্স প্রণোদনা এবং শ্রমবাজার সংস্কারের ওপর গুরুত্বারোপও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বাজেটে ইভি গাড়িতে শুল্ক কমিয়েছে। এটা ভালো দিক। এতে দুই দিকে লাভ হবে। একদিকে জ্বালানি আমদানির নির্ভরতা কমবে। অন্যদিকে গো গ্রিন বা পরিবেশেরও লাভ হবে। শুল্ক কমানোর ফলে সোলার বিদ্যুতের খরচ কমবে।

আমিরুল হক বলেন, শিক্ষাখাতে বড় বরাদ্দ দেওয়া হয়েছে। এটাকেও বিশেষভাবে স্বাগত জানাই। আমরা মনে করি, এই বরাদ্দ থেকে কারিগরি শিক্ষায় সবচেয়ে অধিক ব্যয় করা দরকার।

এমডিআইএইচ/এনএইচআর