খেলাধুলা

চোট কাটিয়ে ফিরলেন রিচার্ডস-এনসিসো, পূর্ণ শক্তিতে মাঠে দুই দল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘ডি’-তে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে উভয় দলই একাদশ নিয়ে শেষ মুহূর্তের দুশ্চিন্তায় ছিল। তবে স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে দুই দলেরই গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ক্রিস রিচার্ডস ও হুলিও এনসিসো প্রথম একাদশে জায়গা পেয়েছেন।

Advertisement

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। ম্যাচটিকে ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নিজেদের মাটিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করা। কোচ মউরিসিও পোচেত্তিনোর দল তাই শক্তিশালী একাদশ নিয়েই নামছে প্যারাগুয়ের বিপক্ষে।

৩-৪-২-১ ফরমেশনে খেলবে যুক্তরাষ্ট্র। গোলবারের নিচে থাকছেন ম্যাট ফ্রিজ। তিন সদস্যের রক্ষণভাগে রয়েছেন ক্রিস রিচার্ডস, অভিজ্ঞ টিম রিম এবং অ্যালেক্স ফ্রি-ম্যান। মিডফিল্ডে খেলবেন অ্যান্টনি রবিনসন, ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস ও সার্জিনিও ডেস্ট।

আক্রমণভাগে থাকছেন মালিক টিলম্যান ও অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলবেন ফুলহ্যামের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন।

Advertisement

অন্যদিকে প্যারাগুয়ে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামছে। গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন রবার্তো ফার্নান্দেজ। রক্ষণভাগে আছেন জুনিয়র আলোনসো, ওমর আলদেরেতে, অধিনায়ক গুস্তাভো গোমেজ এবং হুয়ান হোসে কাসেরেস।

মিডফিল্ডে দায়িত্ব পালন করবেন দিয়েগো গোমেজ, আন্দ্রেস কুবাস ও দামিয়ান ববাদিয়া। আক্রমণভাগে থাকছেন আন্তোনিও সানাব্রিয়া, হুলিও এনসিসো এবং মিগুয়েল আলমিরন। বিশেষ করে এনসিসো ও আলমিরনের ওপরই প্যারাগুয়ের আক্রমণের বড় দায়িত্ব থাকবে।

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ষষ্ঠ স্থান অর্জন করে মূল পর্বে জায়গা করে নেয় প্যারাগুয়ে। ২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলছে দলটি। অন্যদিকে আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া যুক্তরাষ্ট্র নিজেদের দর্শকদের সামনে ইতিবাচক সূচনা করতে মুখিয়ে আছে।

সবশেষ প্রস্তুতি ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই স্মৃতি নিয়ে মাঠে নামলেও বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচই নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে এনসিসো, আলমিরন, পুলিসিক, ম্যাককেনি ও বালোগুনের মতো তারকাদের উপস্থিতিতে ম্যাচটি হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

Advertisement

যুক্তরাষ্ট্রের একাদশ (৩-৪-২-১): ম্যাট ফ্রিজ; ক্রিস রিচার্ডস, টিম রিম, অ্যালেক্স ফ্রিম্যান; অ্যান্টনি রবিনসন, ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস, সার্জিনিও ডেস্ট; মালিক টিলম্যান, ক্রিশ্চিয়ান পুলিসিক; ফোলারিন বালোগুন।

প্যারাগুয়ের একাদশ (৪-৩-৩): রবার্তো ফার্নান্দেজ; জুনিয়র আলোনসো, ওমর আলদেরেতে, গুস্তাভো গোমেজ, হুয়ান হোসে কাসেরেস; দিয়েগো গোমেজ, আন্দ্রেস কুবাস, দামিয়ান ববাদিয়া; আন্তোনিও সানাব্রিয়া, হুলিও এনসিসো, মিগুয়েল আলমিরন।

আইএইচএস/