খেলাধুলা

টর্নেডোর আতঙ্কে ইংল্যান্ড শিবির, বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন বাধা

বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এবার তাদের প্রস্তুতিতে নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ আবহাওয়া। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পের আশপাশে টর্নেডো সতর্কতা জারি হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে।

Advertisement

শনিবার স্থানীয় সময় কানসাস সিটিতে পৌঁছানোর পর ইংল্যান্ড দল প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করে। তখনও তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ প্রবল ঝড়, বজ্রপাত এবং সম্ভাব্য টর্নেডোর সতর্কতা জারি করে। কিছু বাসিন্দার মোবাইলে এমনকি ‘প্রাণঘাতী টর্নেডো’র সতর্কবার্তাও পৌঁছায়।

সতর্কতা পাওয়ার পর ইংল্যান্ড দলের সদস্যরা তাদের হোটেল ও ক্যাম্পের নিরাপদ স্থানে আশ্রয় নেন। নিরাপত্তার স্বার্থে শহরের ফিফা ফ্যান ফেস্টিভ্যালও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের জন্য এটি নতুন কোনো দুর্ভোগ নয়। ফ্লোরিডায় তাদের প্রস্তুতি ক্যাম্পেও আবহাওয়ার কারণে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল। এর আগে কানসাস সিটিতে দলের কিছু অনুশীলন সরঞ্জাম ও বুট চুরির ঘটনাও ঘটে, যদিও পরে বেশিরভাগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

কোচ টমাস টুখেলের দল আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। তবে মাঠে নামার আগেই চুরি, ঝড়, বজ্রপাত এবং এখন টর্নেডোর হুমকি, সব মিলিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে বেশ অস্থির পরিবেশে।

তবুও ইংলিশ শিবিরের বিশ্বাস, মাঠের বাইরের এসব বাধা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে থ্রি লায়ন্সরা।

টিটিটি/আইএন

Advertisement