অবশেষে লিটনে কুমার দাসের অপেক্ষা শেষ হলো! ২০১৫ সালের ১৮ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় লিটনের। ৪ দিন পর ওয়ানডে ক্যারিয়ারের ১ যুগ পূর্ণ হবে। এতদিনেও মিরপুরে ওয়ানডে ম্যাচে কোনো ফিফটি ছিল না লিটনের। শুনতে বিস্ময়কর লাগলেও সত্য এটাই। তবে অপেক্ষা শেষ হয়েছে, ওয়ানডে ক্যারিয়ারে মিরপুরে প্রথম ফিফটি পেয়েছেন লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রোববার ফিফটি করেন এই ডানহাতি ব্যাটার।
Advertisement
সবমিলিয়ে ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডেতেই বেশি ভুগেছেন লিটন। আর বাংলাদেশের জার্সিতে এই ফরম্যাটে সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসও তার। ২০২০ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ইনিংস খেলেন তিনি। সবমিলিয়ে ওয়ানডেতে তার ৫ সেঞ্চুরির সঙ্গে আছে ১৪ ফিফটিও। ১০৩ ম্যাচে করেছেন ২৮১১ রান।
মিরপুরে এ নিয়ে ২৯ ওয়ানডে খেলছেন লিটন। এর মধ্যে সর্বোচ্চ ভারতের বিপক্ষে ৫ ম্যাচে করেছেন ১২৭ রান। সেখানে সর্বোচ্চ ৪১। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ম্যাচে করেছেন ৮৫ রান। তাদের বিপক্ষেও মিরপুরে লিটনের সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। পাকিস্তানের বিপক্ষেও ৩ ম্যাচ খেলে করেছেন ৮৫ রান। তাদের বিপক্ষেও সর্বোচ্চ ৪১ রান করেছেন লিটন। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ৪ ম্যাচ খেলে ৫৯ রান করেছেন তিনি। আজকের আগে মিরপুরে তার সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস ছিল কিউইদের বিপক্ষে। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচে ২৮, শ্রীলংকার বিপক্ষে ২ ম্যাচে ২৫, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচে ১৭, ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে ৭ রান করেছেন লিটন।
এর আগে রোববার ৫৩ রানে ২ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন লিটন। ৮ রানের ব্যবধানে হারান সঙ্গী নাজমুল হোসেন শান্তকে। হোয়াইটওয়াশ করার মিশনে ৬১ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে পথে ফেরান লিটন। ৪৮ রানে থাকায় অবস্থায় পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় লিটনকে। এর আগে অবশ্য দুই ওভার চেষ্টা করেছিলেন ব্যাটিং করতে কিন্তু পেরে ওঠেননি।
Advertisement
এরপর ফেরেন ৪৯তম ওভারে। দুই সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন ফিফটি। শেষ ওভারে হাঁকান বিশাল এক ছক্কা। সবমিলিয়ে অপরাজিত থাকেন ৭৮ বলে ৫৮ রানে। যেখানে ৪টি চারের সঙ্গে ছক্কা হাঁকান ২টি।
এসকেডি/আইএন