বাগেরহাট জেলা হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা পুনরায় চালু হয়েছে।
Advertisement
রোববার (১৪ জুন) বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিইউ ইউনিট উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ, সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসিইউ চালু হওয়া বাগেরহাটবাসীর সৌভাগ্যের বিষয়। তবে এর সঙ্গে হাসপাতালে জনবল ও বেশকিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সংকট রয়েছে। সেগুলোও সমাধান করতে হবে। ভবিষ্যতে সিসিইউ, সিটিস্ক্যান এবং কিডনি ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ সেবা চালু হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisement
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, মুমূর্ষু রোগীর স্বজনরা জানে আইসিইউ কত প্রয়োজনীয়। যন্ত্রপাতি থাকলেও হাসপাতালে আইসিইউ সেবা চালু ছিল না। এ সেবা চালুর মধ্য দিয়ে বাগেরহাটবাসী চিকিৎসা সেবায় একধাপ এগিয়ে গেল। এসয় তিনি হাসপাতালের যে সব সংকট রয়েছে তা পূরণ করার আশ্বাস দেন।
তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘আইসিইউয়ের জন্য ২৪ ঘণ্টা প্যাথলজি ও পরীক্ষা নিরীক্ষার সুবিধা থাকতে হয়। কিন্তু হাসপাতালে সেই জনবল নেই। আবার আর্থিক সংকটও রয়েছে। এরপরও সর্বোচ্চ চেষ্টা করি রোগীদের সেবা দেওয়ার। ডায়ালাইসিস বিষয়ক যন্ত্রপাতি, সিটিস্ক্যান মেশিনসহ যে সব সংকট রয়েছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত পূর্ণাঙ্গ সেবা দিতে পারব।’
সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম বলেন, ‘জেলা হাসপাতালে আইসিইউ চালু হওয়ায় সবাই আরও বেশি সেবা পাবে। তবে সবাইকে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার অনুরোধ জানাই।’
নাহিদ ফরাজী/এএইচ/জেআইএম
Advertisement