ক্যাম্পাস

জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখালো রাকসু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

Advertisement

শনিবার (১৩ জুন) রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনাসহ অন্য গুরুত্বপূর্ণ ম্যাচসমূহ এলইডি স্ক্রিনে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ফাইনাল ম্যাচটি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থাপনায় দেখানোর ব্যবস্থা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম তানবীর বলেন, ‘আমরা বিশ্বকাপ শুরুর কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম বাফুফে ক্যাম্পাসে একটা ফ্যান জোন করবে। পরে শুনলাম এ নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। রাকসু হয়ত তাদের আশায় ছিল। রাকসু তো একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। তারা কেন অন্যের আশায় থাকবে?’

Advertisement

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ আসলে আমাদের ভার্সিটি অনেক উন্মাদনা দেখা যায় যেখানে লিড দেয় শিক্ষার্থী কেন্দ্রিক সংগঠনগুলো। রাকসুর বিগত কাজগুলো দেখে বোঝা যাচ্ছে তারা সমালোচনা না করলে কোনো কাজই করে না। তবুও মন্দের ভালো রাকসু আর্জেন্টিনা, ব্রাজিলসহ বড় দলের ম্যাচের আগে কিছু একটা করেছে। আশাকরি তারা পুরো বিশ্বকাপ জুড়ে বিভিন্ন ইভেন্টের মধ্যে মাতিয়ে রাখবে।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাফায়েল আহমেদ বলেন, ‘ঘোষণাটা আরও আগে আসলে ভালো হতো। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দাবি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়াটা ইতিবাচক।’

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘শুরু থেকেই পুরো টুর্নামেন্টের খেলা দেখানোর পরিকল্পনা ছিল। তবে যে প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ নিয়ে আলোচনা চলছিল, তারা খেলা শুরুর একদিন আগে জানায় যে, বাফুফের পক্ষ থেকে তাদের বলা হয়েছে নির্দিষ্ট কয়েকটি ভেন্যু ছাড়া অন্য কোথাও খেলা দেখানোর অনুমতি দেওয়া হবে না। ফলে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আপাতত রাকসুর তহবিল থেকে কয়েকটি ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।’

এএইচ/এমএস

Advertisement