বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেছেন, দেশের মোবাইল ফোন গ্রাহকদের বড় একটি অংশ এখনো সেবার মানের চেয়ে মূল্যকে বেশি গুরুত্ব দেয়। তবে এর দায় শুধু গ্রাহকদের নয়, বরং অপারেটরদেরও দায়িত্ব রয়েছে গ্রাহকদের কাছে উন্নত সেবা পৌঁছে দেওয়ার।
Advertisement
রোববার (১৪ জুন) ঢাকার একটি হোটেলে গ্রামীণফোনের ৭০০ মেগাহার্জ স্পেকট্রামের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, কোয়ালিটি অব সার্ভিস নিয়ে আমরা বিভিন্ন গবেষণা ও পর্যালোচনা করেছি। দেখা যায়, আমাদের বড় একটি গ্রাহকগোষ্ঠী সেবার মানের চেয়ে দামের বিষয়ে বেশি সংবেদনশীল। কিন্তু আমি মনে করি, এর দায় গ্রাহকদের নয়। আমরা যদি তাদের উন্নত মানের সেবা ও অভিজ্ঞতা দিতে না পারি, তাহলে তারা সেই মানের প্রত্যাশাও তৈরি করতে পারবে না।
তিনি বলেন, দেশের টেলিযোগাযোগ খাত ডিজিটাল বিশ্বের মূলভিত্তি হিসেবে কাজ করছে। এ ভিত্তি যত শক্তিশালী হবে, ততই ডিজিটাল অর্থনীতি ও ডিজিটাল সেবার বিস্তার ঘটবে। তাই শুধু সংযোগ (কানেক্টিভিটি) নয়, সেবার মান নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।
Advertisement
এমদাদ উল বারী আরও বলেন, টু-জি থেকে শুরু করে বর্তমান পর্যায়ে আসতে অপারেটররা টাওয়ারের ঘনত্ব বৃদ্ধি, স্পেকট্রাম সম্প্রসারণ এবং প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে নেটওয়ার্ক সক্ষমতা বাড়িয়েছে। তবে এখনো অনেক এলাকায় সংযোগ ও সেবার মানের ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বিশেষ করে গ্রামীণ অঞ্চলে কভারেজ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবনের ভেতরে নেটওয়ার্ক সেবা উন্নয়ন এবং শিল্প খাতের কানেক্টিভিটি নিশ্চিত করতেও এটি সহায়ক হবে।
গ্রামীণফোনসহ মোবাইল অপারেটরদের উদ্দেশে বিটিআরসি চেয়ারম্যান বলেন, গ্রাহকদের প্রত্যাশিত মানের সেবা নিশ্চিত করতে শিল্পসংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। একই সঙ্গে ডিভাইসের সহজলভ্যতা বাড়ানো ও ডিজিটাল সেবার প্রসারে অপারেটরদের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, দেশের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তিনির্ভর সেবার বিকাশে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।
Advertisement
৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণফোন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
ইএইচটি/এমকেআর