ফ্রান্সের নিস শহরে তিন দিনব্যাপী ‘ভারত ইনোভেটস’ সম্মেলনের যৌথ উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী ও ইমানুয়েল ম্যাক্রোঁ। এই আয়োজনের লক্ষ্য ভারত, ফ্রান্স ও অন্যান্য দেশের শীর্ষ স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটাল তহবিলগুলোকে একত্রিত করা।
Advertisement
রোববার (১৪ জুন) এ সম্মেলন শুরু হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ইনোভেটস বিশ্বের জন্য ভারতের সঙ্গে বৈশ্বিক উদ্ভাবনের পরবর্তী অধ্যায় রচনার একটি আমন্ত্রণ।
তিনি বলেন, ভারত ও ফ্রান্সের সম্পর্ক শুধু পারস্পরিক স্বার্থের ওপর নয় বরং অভিন্ন মূল্যবোধ ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে ভারতে একটি স্টার্টআপ বিপ্লব চলছে এবং দেশটিতে দুই লাখেরও বেশি স্টার্টআপ রয়েছে। এসব উদ্যোগ ভারতীয় ও বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
Advertisement
তিনি উল্লেখ করেন, একবিংশ শতাব্দীর ভারত একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং ‘ভারত ইনোভেটস’ দেশের তরুণদের বিশ্বমানের উদ্ভাবনী সমাধানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু, জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ও ফ্রান্স প্রকৃত অংশীদার হিসেবে কাজ করছে।
তিনি বলেন, ভারত ও ফ্রান্স সত্যিকারের অংশীদারিত্বে বিশ্বাস করে। জলবায়ু ও জ্বালানি খাতে আমরা একসঙ্গে উদ্ভাবন করছি। পারমাণবিক শক্তি খাতে স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) প্রযুক্তিসহ বিভিন্ন প্রকল্পে আমরা সহযোগিতা করছি।
ম্যাক্রোঁ ভারতের উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করে বলেন, দেশটি বর্তমানে বৈশ্বিক উদ্ভাবনের অগ্রভাগে রয়েছে। চন্দ্রায়ন-৩ অভিযানের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ ভারতের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সামর্থ্যের উজ্জ্বল উদাহরণ।
Advertisement
এর আগে চলতি বছরের শুরুতে ভারত সফর করেছিলেন ইমানুয়েল ম্যাক্রো। ওই সফরে উভয় নেতা যৌথভাবে ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ’ কর্মসূচির উদ্বোধন করেছিলেন।
কেএম