আন্তর্জাতিক

আমেরিকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত

আমেরিকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট।

Advertisement

স্থানীয় সময় রোববার (১৪ জুন) দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা বিমানটি রোববার স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জনে ব্যর্থ হওয়ার পর হঠাৎ বাম দিকে মোড় নেয়। একপর্যায়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়।

বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, বিমানে থাকা ১২ জনই নিহত হয়েছেন।

Advertisement

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, একটি প্যাসিফিক অ্যারোস্পেস P-750 বিমান উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ সেবা চালু ছিল না বলে জানিয়েছে এফএএ।

মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে বলে নিশ্চিত করেছে এফএএ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে ঘটনার পরপরই ওই এলাকায় তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা।

সূত্র: বিবিসি

Advertisement

এমএমকে