বিশ্বকাপ শুরুর আগে লামিন ইয়ামালকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তা অনেকটাই কেটে গেছে স্পেন শিবিরে। ইনজুরির কারণে কয়েক সপ্তাহ অনিশ্চয়তায় থাকার পর এখন পুরোপুরি ফিট এই তরুণ ফরোয়ার্ড। তবে ফিট থাকলেও কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তাকে শুরু থেকেই মাঠে নামানো হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
Advertisement
গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোট পান ইয়ামাল। এরপর থেকেই বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও ধীরে ধীরে পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় আশাবাদী ছিল স্পেন দল। গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে না খেললেও এখন তাকে নিয়ে স্বস্তিতে কোচিং স্টাফ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘ভালো খবর হলো লামিনে একদম নিখুঁত শারীরিক অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যে অবস্থায় দেখতে চেয়েছিলাম, এই মুহূর্তে সে সেই অবস্থাতেই এসে পৌঁছেছে। সে ভালো আছে, ঠিক যেমনটা নিকো (উইলিয়ামস) এবং ভিক্টর (মুনোজ) আছে। তারা সবাই খেলার জন্য প্রস্তুত, যদিও তাদের মধ্যে কেউ কেউ পুরো ম্যাচ খেলবে না।’
স্পেন কোচ জানিয়েছেন, মেডিকেল টিম ইয়ামালকে খেলার অনুমতি দিয়েছে। তবে দীর্ঘ বিরতির পর তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না দলটি।
Advertisement
দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘ডাক্তাররা বলেছেন, লামিন আগামীকাল (সোমবার) কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে। ৯০ মিনিট না হোক, কিছু সময় খেলতে পারবে, হ্যাঁ...। একই প্রক্রিয়া (উইলিয়ামসের সঙ্গেও)। তারা অনেক দিন ধরে একসঙ্গে কাজ করছে, অনেক ঘণ্টা এবং তাদের যে সম্পর্ক, তারা বেশ খুশি। তারা খেলতে পারে, যদি ম্যাচে প্রয়োজন পড়ে।’
সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের মঞ্চে ইয়ামালকে দেখা যাবে। তবে স্পেন হয়তো শুরুতেই পুরো ম্যাচ খেলানোর বদলে ধীরে ধীরে তাকে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরিয়ে আনার পথেই হাঁটবে।
এসকেডি/জেআইএম
Advertisement