আইন-আদালত

এবার প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি, দোয়া চাইলেন বাবা

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত।

Advertisement

সোমবার (১৫ জুন) শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার আরেক সন্দেহভাজন নিশাদুজ্জামান নিশাদের জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে মামলায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম আবেদনটির সমর্থনে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

Advertisement

শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী বলেন, ‘আমার ছেলের জন্য দোয়া রাখবেন।’

মামলার এজাহার অনুযায়ী, চাকরির সুযোগ দেওয়ার কথা বলে একটি অনলাইন চক্র ২০২৫ সালের ১৩ জানুয়ারি ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিনিয়োগের নামে বিভিন্ন ধাপে অর্থ গ্রহণ করে তারা। শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর বড় অঙ্কের টাকা নেওয়া হয়। শেষ পর্যন্ত মুনাফাসহ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

এর আগে গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।

Advertisement

এমডিএএ/ইএ