জাতীয়

থানা-উপজেলায় সরকারি পাট ক্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেই: পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় দেশের প্রতিটি উপজেলা ও থানা সদরে পাট ক্রয়কেন্দ্র স্থাপনের আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। কারণ, এ ধরনের কেন্দ্র স্থাপনে বিপুল অবকাঠামোগত ও পরিচালন ব্যয়ের প্রয়োজন হয়।

Advertisement

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য সেলিনা সুলতানা বস্ত্র ও পাটমন্ত্রীকে বলেন, কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকল্পে দেশের প্রতিটি উপজেলা/থানা সদরে সরকারি ব্যবস্থাপনায় একটি করে পাট ক্রয়কেন্দ্র স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি না?

তিনি আরও প্রশ্ন করেন, উত্তর হ্যাঁ-সূচক হলে, কবে নাগাদ বাস্তবায়িত হবে এবং না-সূচক হলে, এর কারণ কী?

এর জবাবে মন্ত্রী বলেন, দেশের ভূ-অবস্থানগত বৈচিত্রের কারণে সব থানা/উপজেলায় পাট উৎপাদন হার একরকম নয় এবং দেশব্যাপী বেসরকারি পাট ব্যবসায়ী, আড়তদার ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বিদ্যমান থাকায় কৃষকরা স্থানীয় পর্যায়েই পাট বিক্রির সুযোগ পাচ্ছেন।

Advertisement

পাটমন্ত্রী আরও বলেন, সরকার বিদ্যমান সংশ্লিষ্ট আইন, নীতিমালার আলোকে আইন প্রয়োগ ও বাজার মনিটরিং দ্বারা বাজার ব্যবস্থায় বেসরকারি খাতের সক্রিয় উপস্থিতির মাধ্যমে একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সচেষ্ট। ফলে, বর্তমান পরিস্থিতিতে সর্বত্র সরকারি পাট ক্রয়কেন্দ্র স্থাপন অর্থনৈতিকভাবে যৌক্তিক ও কার্যকর বিবেচিত হচ্ছে না।

এমওএস/এএমএ