ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
Advertisement
সোমবার (১৫ জুন) দুপুরে দিকে উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক ছিঁড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনের বগিগুলো লাইনের ওপর থেমে যায়। তবে ইঞ্জিনটি কিছুদূর এগিয়ে যায়। পরে চালক বিষয়টি টের পেয়ে ইঞ্জিনটি পেছনে এনে বগিগুলোর কাছে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
Advertisement
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিনের হুক ছিঁড়ে যাওয়ায় বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ব্যবস্থা নেন এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
তিনি আরও জানান, রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত হুক মেরামতের কাজ সম্পন্ন করে। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়।
হোসাইন সুলভ/এনএইচআর/এমএস
Advertisement