দেশজুড়ে

আড়াইমাস বন্ধ থাকার পরে চালু চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

মৌলভীবাজারের কমলগঞ্জে ৮০ দিন বন্ধ থাকার পর স্থানীয় সংসদের হস্তক্ষেপে পুনরায় ক্যামেলিয়া হাসপাতাল চালু করা হয়েছে।

Advertisement

সোমবার (১৫ জুন) দুপুরে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এ হাসপাতালের পরিচালক আনোয়ারুল ইসলামসহ চিকিৎসকরা কর্মস্থলে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

এর আগে গত ২৭ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় চা শ্রমিকের শিশু সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে কমলগঞ্জের শমমেরনগর চা বাগানে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে সংঘবদ্ধ একটি দল এসে হামলা, ভাঙচুর ও চিকিৎসকদের লাঞ্ছিত করে। এরপর থেকে টানা ৮০ দিন ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ ছিল।

‘চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে’—এই স্লোগানে ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা সেবা চালু করতে টানা দুই মাসের অধিক সময় ডানকান ব্রাদার্সের মালিকানাধীন চা শ্রমিকদের আন্দোলন চলছিল। এ নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আাসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ধারাবাহিক আলোচনা করেন।

Advertisement

ফলে টানা ৮০ দিন পর সোমবার আবার কমলগঞ্জের শমশেরনগরে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চা শ্রমিকদের চিকিৎসা সেবা চালু হলো। এতে দীর্ঘদিন চিকিৎসা সেবা বঞ্চিত ডানকান ব্রাদার্সের চা শ্রমিক ও তাদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা বাগানের লক্ষাধিক অসহায় মানুষের চিকিৎসার ভরসা ছিল ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। একটি ঘটনাকে কেন্দ্র টানা ৮০ দিন এ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে আবার এ হাসপাতালে চিকিৎসা সেবা চালু হলো।’

মাহিদুল ইসলাম/এএইচ/এমএস

Advertisement