ফুটবলে গুরু-শিষ্যের লড়াই হরহামেশাই দেখা যায় খেলার মাঠে। সাবেক কোচদের বিপক্ষে প্রায়শই তাদের দিক নির্দেশনায় একসঙ্গে খেলা ফুটবলারদের মাঠে খেলতে দেখা যায় অন্য কোন জার্সি পরে। এমনই এক ঘটনার অবতারণা হচ্ছে বেলজিয়াম-মিশর ম্যাচে।
Advertisement
এক সময় বর্তমান বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া ছিলেন ইতালির ক্লাব রোমার কোচ। তখন গার্সিয়ার অধীনে রোমাতে খেলতেন মোহামেদ সালাহ। মিশরের এই ফুটবলার এখন লিভারপুলের কিংবদন্তী তুল্য ফুটবলার। ক্লাবের হয়ে জিতেছেন সবরকম ট্রফি। পুরোনো শিষ্যকে আবার দেখতে পেরে বেশ আনন্দিত বেলজিয়াম কোচ।
যুক্তরাষ্ট্রের সিয়াটলের লুমেন স্টেডিয়ামে মিশরের বিপক্ষে নামার আগে এই কোচ সংবাদ সম্মেলনে বলেন, ‘রোমাতে কাজ করার পর আমি খুব খুশি মোহামেদ সালাহকে আবার দেখতে পেরে। সে একজন অসাধারণ ফুটবলার পাশাপাশি দারুণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। আমি তাকে জড়িয়ে ধরতে চাই কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর আমরা একে অপরের শত্রু।’
বিশ্বকাপের পূর্বে আফ্রিকান দেশ তিউনিসিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল বেলজিয়াম। রুডি গার্সিয়া সে সম্পর্কে বলেন, ‘মিশরের বিপক্ষে জয়টা আমাদের পরের ধাপে যাওয়ার প্রথম ধাপ। তিউনিসিয়া তো মিশর নয়, আবার মিশরও তিউনিসিয়া নয়। তারা দুই দেশই দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে। আপনি প্রীতি ম্যাচের সঙ্গে কখনো বিশ্বকাপের ম্যাচকে তুলনা করতে পারেন না।’
Advertisement
মিশরে সালাহ ছাড়াও ম্যান সিটিতে খেলা ফরোয়ার্ড ওমার মারমুশও রয়েছেন, ‘মারমুশ ও সালাহ দুজনই মিশরের ভয়ঙ্কর ফুটবলার। কিন্তু আমরা নিজেদের শক্তি বাড়াতে বেশি মনোযোগী। তিন পয়েন্ট পাওয়ার জন্য আমরা সবকিছু করবো।’
আরআর/আইএন