শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
Advertisement
সোমবার (১৫ জুন) মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান।
Advertisement
প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর আধুনিকীকরণের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। ভূমিসেবা আধুনিকীকরণের কার্যক্রমকে বাংলাদেশের অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়।
এসময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে।
গণতন্ত্রকে সুসংহত করা, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
Advertisement
সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসএ/এএসএম