খেলাধুলা

আর্জেন্টিনাকে হারানো সেই সৌদি আরবের সামনে এবার উরুগুয়ে

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটন ধরা হয় ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের পরাজয়কে। যদিও এরপরের গল্পটা আর্জেন্টিনা লিখেছিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। কিন্তু সৌদি আরবের ওই হার এখনো নাড়া দেয় আর্জেন্টাইন তথা পুরো বিশ্বকাপে।

Advertisement

চার বছর পেরিয়ে আবারো বিশ্বকাপের মঞ্চে সৌদি আরব। এবার প্রথম ম্যাচে তাদের সামনে লাতিন আমেরিকার আরেক দল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

প্রথম দুই বিশ্বকাপ জয়লাভ করা দেশটির সেই আগের ধারালো পারফরম্যান্স নেই। একদমই তরুণ দল নিয়ে বিশ্বকাপে এসেছেন ‘কোচদের কোচ’ খ্যাত মার্সেলো বিয়েলসা।

সোমবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সোদি আরবের বিপক্ষে খেলতে নামবে উরুগুয়ে। ১৯৯৪ সালের পর কখনো বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হতে পারেনি সৌদি আরব। এবার তাদের সামনে ইতিহাস বদলানোর পালা। ৪৮ দলের টুর্নামেন্টে সেরা তৃতীয় হয়েও নকআউট রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে দলগুলোর সামনে। সৌদি আরবের গ্রুপে স্পেন থাকলেও ও নবাগত কেপ ভার্দের বিপক্ষে নিজেদের জয় কামনা করতেই পারে সৌদিরা।

Advertisement

অন্যদিকে, বিশ্বকাপটা একদমই ভালো যাচ্ছে না লাতিন আমেরিকার দলগুলোর। ব্রাজিল কোনোমতে ১ পয়েন্ট পেলেও প্যারাগুয়ে ও ইকুয়েডর নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসেছে। তাই উরুগুয়েকেও বেশ সাবধানী থাকতে হচ্ছে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারালেও গতবছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে ৫-১ গোলের পরাজয় দলটির চূড়ান্ত ভঙ্গুরতা প্রকাশ করেছে। এমনকি বিশ্বকাপের আগে কোন প্রস্তুতি ম্যাচও খেলেনি দেশটি। বিয়েলসা শুধু অনুশীলন ক্যাম্প করতে চেয়েছিলেন এবং এর মাধ্যমেই দলকে প্রস্তুত করেছেন।

উরুগুয়ে তাদের প্রধান কয়েকজন ফুটবলারকে এই ম্যাচে পাচ্ছে না। অন্যদিকে সৌদি আরবও তাদের এক নম্বর গোলরক্ষক নাওয়াফ আল-আকিদিকে ছাড়াই খেলতে নামবে, যেখানে তার পরিবর্তে দেখা যাবে মোহাম্মেদ আল-ওয়াইসকে।

সৌদি আরবের ঐ একজন ছাড়া তেমন ইনজুরির সমস্যা নেই। তৃতীয় বিশ্বকাপ খেলতে নামা ৩৪ বছর বয়সী সালিম আল-দাওসারি দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যিনি কিনা ১১০ ম্যাচে করেছেন ২৭ গোল।

Advertisement

উরুগুয়ে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় হলেন রিয়ালের ফেডেরিকো ভালভার্দে এবং টটেনহ্যামের বেনটাঙ্কুর। সৌভাগ্যবশত তারা দুজনই ফিট রয়েছে। কিন্তু বিয়েলসার চিন্তা ভাঁজ রক্ষণভাগ নিয়ে। বার্সেলোনায় খেলা রোনাল্ড আরাউহো ইনজুরি থেকে সেরে উঠতে বার্সেলোনায় চলে গেছেন চিকিৎসা করাতে।

অধিনায়ক হোসে মারিয়া হিমিনেজও সোমবারের ম্যাচে ইনজুরিতে ছিটকে গেছে। তার সঙ্গে সেবাস্তিয়ান কাসেরেস ও মাতিয়াস ভিনা সন্দিহান এই ম্যাচে খেলবেন কিনা। উরুগুইয়ানরা আশা করছে মিডফিল্ডার আরাসকায়েতা ম্যাচের কোন না কোন সময় মাঠে নামবেন কেননা এই ফ্লামেঙ্গো ফুটবলারের উপর অনেকাংশেই নির্ভর করছে উরুগুয়ের মাঝমাঠ।

উরুগুয়ে সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): মুসলেরা, ভারেলা, বুয়েনো, কাসেরেস, অলিভিয়ের, ভালভার্দে, উগার্তে, বেনটাঙ্কুর, আরাউহো, নুনেজ, ভিনাস

সৌদি আরব সম্ভাব্য একাদশ (৪-৩-৩): আল-ওয়াইস, আবদুলহামিদ, আল-তামবাকতি, লাজামি, বৌসাল, কানো, আল-খাইবারি, নাসের আল-দাওসারি, আল-জুয়াইর, সালিম আল-দাওসারি, আল-বুরাইকান

আরআর/এমএমআর