দেশজুড়ে

‘মীরবাড়ি-সীমান্ত-দিগন্ত’ নামকরণ কাকতালীয় নাকি প্রতিমন্ত্রীর প্রভাব!

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। তবে নতুন ইউনিয়নগুলোর সীমানা বা জনসংখ্যার চেয়ে বেশি আলোচনায় এসেছে তাদের নাম। কারণ, স্থানীয়দের দাবি অনুযায়ী নতুন চার ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের নাম মিলে গেছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশীয় পরিচয়ের সঙ্গে, আর বাকি দুটি ইউনিয়নের নাম মিলে গেছে তার দুই ছেলের নামের সঙ্গে।

Advertisement

সরকারি গেজেট অনুযায়ী, শিবগঞ্জ উপজেলায় নতুন করে গঠন করা হয়েছে মীরবাড়ি ইউনিয়ন। অন্যদিকে নতুন ঘোষণা করা মোকামতলা উপজেলায় গঠন করা হয়েছে সীমান্ত ও দিগন্ত নামে দুটি নতুন ইউনিয়ন।

স্থানীয়দের ভাষ্য, মীর শাহে আলমের পারিবারিক পরিচিতি মীরবাড়ি নামে বহুল পরিচিত এবং তার দুই ছেলের নামও সীমান্ত ও দিগন্ত। ফলে একই দিনে প্রকাশিত দুটি প্রশাসনিক গেজেটে একই পরিবারের বংশীয় পরিচয় ও সদস্যদের নামের সঙ্গে মিল থাকা তিনটি ইউনিয়নের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তাদের প্রশ্ন এটি কী কাকতালীয় নাকি প্রভাব।

স্থানীয়রা বলেন, ইউনিয়নের নাম সাধারণত ওই এলাকার ইতিহাস, ঐতিহ্য, ভূপ্রকৃতি, জনপদ, নদী-খাল কিংবা পুরোনো মৌজার নাম অনুসারে নির্ধারণ করা হয়। কিন্তু নতুন এই নামগুলো কোন প্রেক্ষাপটে প্রস্তাব করা হয়েছে, সে বিষয়ে গেজেটে কোনো ব্যাখ্যা নেই।

Advertisement

শিবগঞ্জের কয়েকজন বাসিন্দা বলেন, মীরবাড়ি নামটি এলাকার মানুষের কাছে একটি রাজনৈতিক পরিবারের পরিচয় হিসেবেই বেশি পরিচিত। এখন সেটি প্রশাসনিক মানচিত্রে স্থায়ী রূপ পেল।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে মোকামতলার বাসিন্দাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সীমান্ত ও দিগন্ত নামে এলাকায় আগে কোনো ইউনিয়ন, বড় জনপদ বা ঐতিহাসিক পরিচিতি ছিল না। তাহলে এই নাম দুটি কীভাবে এলো।

গেজেট অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অংশ নিয়ে গঠিত মীরবাড়ি ইউনিয়নের আওতায় এসেছে ১৫টি মৌজা। এসব মৌজায় মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।

অন্যদিকে মোকামতলা উপজেলায় ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে গঠিত হয়েছে স্বর্ণগ্রাম ইউনিয়ন। সৈয়দপুর ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে গঠিত হয়েছে সীমান্ত ইউনিয়ন, যার জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। আর দেউলী ইউনিয়নের আটটি মৌজা নিয়ে গঠিত হয়েছে দিগন্ত ইউনিয়ন, যেখানে বসবাস করছেন ১৭ হাজার ৭৫৯ জন।

Advertisement

এছাড়া শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে। একইভাবে মোকামতলায় পৌরসভা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পৌরসভার অনুমোদন মিললে উপজেলাটি আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে পরিচালিত হবে।

প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রেস সেক্রেটারি আতিক রহমান জানান, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে গঠন করা হয়েছে সীমান্ত ইউনিয়ন। স্থানীয়দের মতামত নিয়ে এই ইউনিয়নের নাম প্রস্তাব করেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব।

এছাড়া দেউলী ইউনিয়ন ভেঙে গঠিত হয়েছে দীগন্ত ইউনিয়ন। দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম স্থানীয়দের মতামত নিয়ে এই নামটির প্রস্তাব

এদিকে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন জানান, ইউনিয়নগুলোর নাম সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই নেওয়া হয়েছে। সীমান্ত এলাকার কারণে সীমান্ত এবং অনেক দূরের এলাকা হওয়ায় দিগন্ত নাম প্রস্তাব করা হয়েছিল। মোকামতলা উপজেলায় নতুন ৩টি ইউনিয়ন গঠিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

অন্যদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বেতগাড়ীতে অবস্থিত গ্রামের বাড়ির নাম মীর বাড়ি। সেই নামানুসারেই এই নতুন ইউনিয়নটির নামকরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজনেরা।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি নিশ্চিত করলেও নামকরণের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। আর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানাকেও বারবার ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, তিনি সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করেননি। এটি অলৌকিকভাবে মিলে গেছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ২ ছেলের মধ্যে বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত লন্ডন থেকে এমবিএ পাস করার পর এক বছর আগে দেশে ফিরে বাবার সঙ্গে রাজনীতিতে যুক্ত হন এবং বাবার ব্যবসা দেখাশোনা করেন। আর ছোট ছেলে মীর শাকরুল আলম দীগন্ত লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন।

এলবি/এনএইচআর/এএসএম