রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতের জামিন মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির আইনি বাধা অনেকটাই দূর হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা যায়, ড. আবুল বারাকাতের পক্ষে করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।
এর আগে সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। পরে ওই আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেন।
Advertisement
এর আগে রোববার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ড. বারাকাতকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পুলিশ দাবি করে, জুলাইয়ের গণ-অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও বিভিন্ন নির্দেশনা প্রদানের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আবদুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং আরও অনেককে আসামি করা হয়েছে।
গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ড. আবুল বারাকাতকে গ্রেফতার করা হয়। পরে অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন নাতিকে দেখে প্রিজন ভ্যান থেকেই হাত নাড়েন আবুল বারকাতওই মামলায় গত ৭ জুন আপিল বিভাগ থেকে জামিন লাভ করলেও কারামুক্তির আগেই আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিম। আদালত সেই আবেদন মঞ্জুর করায় তার মুক্তি স্থগিত হয়ে যায়।
Advertisement
তবে সর্বশেষ এ মামলায়ও জামিন পাওয়ায় তার কারামুক্তির আইনি বাধা অনেকটাই দূর হয়েছে।
এমডিএএ/এসএইচএস